কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে নতুন নেতৃত্ব পেল বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল। নতুন সভাপতি হয়েছেন ফজলুর রহমান খোকন এবং সাধারণ সম্পাদক হয়েছেন ইকবাল হোসেন শ্যামল।
দীর্ঘ ২৭ বছর পর সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক বলেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়াই হবে নতুন নেতৃত্বের মূল চ্যালেঞ্জ।
রাতভর কাউন্সিলরদের টানা ভোটগ্রহণ শেষে ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাকের নাম ঘোষণা করা হয়। পরে গণমাধ্যমে নিজেদের সংক্ষিপ্ত প্রতিক্রিয়া জানান দুই নেতা।
এ সময় ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন বলেন, ‘ছাত্রদলের প্রথম চ্যালেঞ্চ হবে দেশনেত্রী খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্ত করা। আর তাঁর মুক্তির মধ্য দিয়েই আমরা বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবো। গণমানুষের অধিকার প্রতিষ্ঠা করবো।’
সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল বলেন, ‘আপনারা জানেন, ডাকসু নির্বাচনেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাদের ভোটের অধিকার প্রয়োগ করতে পারেনি।
আমরা ছাত্রদের অধিকার এবং বিশ্ববিদ্যালয়গুলোতে ক্রিয়াশীল ছাত্রসংগঠনের কার্যাবলী সুনিশ্চিত করার জন্য কাজ করে যাব।’
এএস





