শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের লক্ষে আন্দোলন চালিয়ে যাবে গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের প্রেসিডেন্ট মোশারেফা মিশু। তিনি বলেন, ‘শনিবার থেকে সকল শিল্পাঞ্চলে শ্রমিক ধর্মঘট চলবে।’

শুক্রবার সকালে মুঠফোনে তোবা গ্রুপ শ্রমিক সংগ্রাম কমিটির প্রধান সমন্বয়ক মোশরেফা মিশু বলেন, ‘তোবার শ্রমিকদের বেতনের দাবিতে আমারা টানা ১১দিন অনশন করে আসছি। এ সময়ে আমাকে আটক করা হয়। ডিবি পুলিশ আমার অনশন ভাঙ্গার চেষ্টা করে। কিন্তু আমি ভাঙ্গিনি। রাতে বাসায় আসার পর মায়ের অনুরোধে অনশন ভাঙ্গি। প্রয়োজনে আবারো অনশনে যাবো।’

বৃহস্পতিবার বাড্ডায় তোবা গ্রুপের পোশাক কারখানায় অনশনরত শ্রমিকদের ওপর হামলা প্রসঙ্গে এই শ্রমিক নেতা বলেন, ‘সরকার ও বিজিএমইএ নেতাদের নির্দেশে পুলিশ ও স্থানীয় আওয়ামীলীগ ক্যাডাররা সাধারণ শ্রমিকদের ওপর হামালা চালায়।’

শ্রমিকদের পাওনা বেতন প্রসঙ্গে মিশু বলেন, ‘বেতন দেওয়া হচ্ছে, তা খুবই ভালো খবর। কিন্তু শ্রমিকদের জুলাই মাসের বেতন, তিন মাসের ওভাইর টাইম ও ঈদ বোনাসের টাকা অতি দ্রুত পরিশোধ করতে হবে।’

বৃহস্পতিবার পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে ও পিটিয়ে হটায় তোবা গ্রুপের অনশনকারী শ্রমিকদের। অনশনের ১১ দিনের মাথায় বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে রাজধানীর হোসেন সুপার মার্কেটের সপ্তম তলায় ঢুকে পুলিশ কাঁদানে গ্যাস ব্যবহার করে এবং পিটিয়ে আন্দোলনরত শ্রমিকদের বের করে দেয়। এসময় তোবা গ্রুপ শ্রমিক সংগ্রাম কমিটির সমন্বয়ক মোশরেফা মিশু ও গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের জলি তালুকদারকে আটক করে পুলিশ। পরে রাত সাড়ে ৮টার দিকে তাঁদের ছেড়ে দেওয়া হয়।

ঢাকা, ৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই