গণতন্ত্র রক্ষার স্বার্থে দেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন দাবি করে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেছেন, দেশে অন্তর্বর্তীকালীন নির্বাচন হতে হবে। আন্দোলন সংগ্রামের মাধ্যমে সেটি করতে বাধ্য করা হবে।
তিনি আরো বলেন, জনগণের আন্দোলন স্তব্ধ করা যায় না। জনতার আন্দোলন চলবে।
সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘৫ জানুয়ারি নিহত গণতন্ত্র:মুমূর্ষু স্বাধীনতা’ র্শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
নোমান বলেন, দেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। যারা এখন দেশ পরিচালনা করছে তারা বৈধ নয়। ৫ভাগ ভোট পেয়ে যে সরকার গঠিত হয়েছে, সেই সরকার জনগণের সরকার নয়। এদেশের মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে। এটা দেশপ্রেমিক শক্তির বিজয় বলেও তিনি মন্তব্য করেন।

সরকার কোনো সময়ে কোনো আলোচনা চায়নি উল্লেখ করে নোমান বলেন, নির্বাচনকালীন সময়ে জনগণকে বিরত রাখা কঠিন হয়। কিন্তু এবার আমাদের সেটা করতে হয়নি। কোনো প্রতিরোধ করতে হয়নি। জনগণ কোথাও প্রতিরোধের সম্মুখীন হয়নি। এমনকি আওয়ামী লীগের লোকেরা ভোট দিতে যায়নি।
বিএনপি নেতা বলেন, এই সরকার ৫ভাগ ভোটারের সরকার। তাই তারা যে সংসদ গঠন করেছে এই সংসদও জনগণের সংসদ নয়। এই সংসদে যারা উপস্থিত তারা  জনগণের নিবাচিত প্রতিনিধি নয়। যে নির্বাচনে ভোটারার ভোট দিতে পারেনি সেই নির্বাচন গ্রহণযোগ্য নয়। এই সরকার ও সংসদও  গ্রহণযোগ্য নয়।
দেশের রিজার্ভ ভাঙ্গিয়ে পদ্মা সেতু নির্মাণ করার উদ্যোগের সমালোচনা করে নোমান বলেন, রিজার্ভ বেশি থাকলে হয় না। আবার বেশি রিজার্ভ থাকলে সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। এই রিজার্ভ ভেঙ্গে পদ্মাসেতুর কাজে লাগানো হলে দেশের ব্যবসা বাণিজ্য ও অথর্নীতির ওপর প্রভাব পড়বে।
তিনি বলেন, ভারত যা চেয়েছে শেখ হাসিনা তা সবই দিয়েছে। কিন্তু আমরা কিছুই পায়নি। বিদেশি প্রভুরা আমাদের নিয়ন্ত্রণ করতে চায়। তারা এর আগে আমাদের অর্থনীতি নিয়ন্ত্রণ করতে চায়। ভারত একটি দলের ওপর নির্ভর করছে। আমরা বিদেশি কোনো রাষ্ট্রের হস্তক্ষেপ আশা করি না।
দেশে একটি রাজনৈতিক শূন্যতা চলছে উল্লেখ করে নোমান বলেন, দশম সংসদ নির্বাচনে জনের জনগণ ভোট দিতে পারে নি। ভোট দিতে যায়নি। যারা দেশে লুটপাট করছে বিরোধীদলকে যারা দমন করেছে এই সরকারের আমরা পতন চাই।
[b]ঢাকা, ১০ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)// এমএইচ/এফএ[/b]