যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বলেছেন, “আমি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ জানাবো, আমাদের যারা এই কাজ করে তাদের ধরুন। যত বড় নেতাই হোক, আমি করলে আমাকেও ধরুন।”
শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর উত্তরা আজমপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে ঢাকা মহানগর উত্তর শাখার অন্তর্গত উত্তরা পশ্চিম, পূর্ব, উত্তরখান, দক্ষিণখান থানাধীন ১, ৪৪, ৪৫, ৪৬, ৪৭, ৪৮, ৪৯ ও ৫০ ওয়ার্ড যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে যুবলীগ চেয়ারম্যান এইসব কথা বলেন।
আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতীম সংগঠন যুবলীগের নেতাকর্মীদের সতর্ক করে ওমর ফারুক বলেন, “পত্রপত্রিকা এখন ক্যাসিনোয় ভরা। এই তথ্যগুলো আমরা আগে পেলে ব্যবস্থা নিতে পারতাম। এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অ্যাকটিভ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাকেই ধরবে তাকেই বহিষ্কার করবো।”
ক্যাসিনোর সঙ্গে যুবলীগের নেতাকর্মীদের জড়িত থাকার তথ্য জানলে ব্যবস্থা নিতেন উল্লেখ করে যুবলীগ চেয়ারম্যান বলেন, “পত্রপত্রিকা দেখছেন না? সমস্ত পত্রিকা এখন ক্যাসিনোতে ভরা। এই ক্যাসিনোর মালিকানায় নাকি আমরা, ‘খামোশ’এটি মিথ্যা নয়। এই পত্রিকার ইনফরমেশন যদি আমরা আগে পেতাম, তাহলে ব্যবস্থা নিতে পারতাম। আইনশৃঙ্খলা বাহিনী অ্যাকটিভ যাকে ধরবে তাকেই বহিষ্কার করবো। তুমি যেই হও, রাজনীতি করার অধিকার থাকবে না।”
যুবলীগ করার প্রধান শর্ত উল্লেখ করে দলের চেয়ারম্যান বলেন, “যুবলীগ করতে হলে ম্যানেজার হতে হবে। ম্যানেজার মানে কী? হাউ টু ম্যানেজ, হাউ টু এডজাস্ট। আপনি যদি ম্যানেজ করতে না পারেন আপনি সংসারেও সুখী হতে পারবে না, জীবনেও না।”
যুবলীগ নেতাদের সতর্ক করে দিয়ে তিনি বলেন, “নেতা হইছো তাই না, পতন হইলে বউ ছাড়া কেউ থাকে না। এটা মাথায় রেখো। বউ খারাপ হলেও তার থেকে শ্রেষ্ঠ কেউ নাই। আমি কাউকে ক্যাডার রাজনীতি করতে দেবো না।”
এমবি





