বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্তেই শপথ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ (২৯ এপ্রিল) সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় গুলশানে বিএনপি চেয়ারপারসেনর রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল একথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, “দলীয় প্রধানের মুক্তি এবং গণতন্ত্র ফিরিয়ে আনার দাবির পক্ষে কথা বলতেই এই চার নেতা সংসদে গেছেন।” তিনি আরও বলেন, “দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্তেই বিএনপির এমপিরা শপথ নিয়েছে।”

মির্জা ফখরুল শপথ নেবেন কি না জানতে চাইলে তিনি বলেন, “অপেক্ষা করুন জানতে পারবেন।”

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, “আমরা গণতান্ত্রিক একটা দেশ চেয়েছিলাম। আর গণতান্ত্রিক ধারায় রাজনীতি করে বিএনপি।”

জনগণ বিএনপির এই সিদ্ধান্তকে কীভাবে নেবে জানতে চাইলে তিনি বলেন, “আমরা গণতন্ত্রের স্বার্থে এ সিদ্ধান্ত নিয়েছি। আশা করছি তারা ভালোভাবেই নেবে।”

এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, “রাজনীতিতে আজ যেটা হবে কাল সেটা পরিবর্তন হবে। এটাই স্বাভাবিক। এটাই রাজনীতি। আমরা দেশের জন্য, রাজনীতির জন্যই শপথের সিদ্ধান্ত নিয়েছি। আমি আজ যেটা বলেছি কাল সেটা পরিবর্তনও হতে পারে। আমরা সিদ্ধান্ত নিয়েছি দলের জন্য, রাজনীতির জন্য দেশের জন্য।”

শপথ নেওয়ার পর ঐক্যফ্রন্টের সদস্যদের জাতীয় বেইমান বলেছেন- এখন আপনাদের দলের এমপিরা শপথ নিয়েছেন সে বিষয়ে কি বলবেন? জানতে চাইলে তিনি বলেন, “সেটাও পরে জানতে পারবেন।”

মির্জা ফখরুল আরও বলেন, “গত ৩০ ডিসেম্বর নির্বাচনের নামে প্রহসন হয়েছে। সেটি ছিল নির্বাচনের নামে প্রহসন। ওই নির্বাচনে দেশের জনগণকে তাদের ভোটাধিকার থেকে বিরত রাখা হয়েছে। এরই মাঝে এটি সারা বিশ্বের কাছে গ্রহণযোগ্যতা হারিয়েছে।”

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী চার নেতা বিকেলে শপথ নেয়ার পরপরই এই সংবাদ সম্মেলন ডাকলেন বিএনপি মহাসচিব।  

আর শপথগ্রহণ শেষে করে বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেছেন বিএনপির সংসদ সদস্যরা।

বিএনপির এমপি হিসেবে যারা শপথ নিয়েছেন তাঁরা হলেন- আমিনুল ইসলাম (চাঁপাইনবাবগঞ্জ-২), হারুনুর রশিদ (চাঁপাইনবাবগঞ্জ-৩), উকিল আবদুস সাত্তার (ব্রাহ্মণবাড়িয়া-২) ও মোশাররফ হোসেন (বগুড়া-৪)।

এমবি