চরমোনাই পীর সৈয়দ রেজাউল করিম বলেছেন, গণমাধ্যম ও সংবাদপত্রের স্বাধীনতা হরণ করার জন্যই সরকার নতুন সম্প্রচার নীতিমালা প্রণয়ন করেছে। এই নীতিমালা বাস্তবায়ন হলে শুধু গণমাধ্যমের স্বাধীনতাই খর্ব হবে না বরং যেকোনো রাজনৈতিক দলও তাদের স্বাধীন মতামত ব্যক্ত করতে পারবে না। ফলে দেশ একনায়কতন্ত্রের দিকে চলে যাবে। যা বর্তমান প্রধামন্ত্রীর বাবা করতে চেয়েছিলেন।

শুক্রবার বরিশালের চরমোনাই মাদরাসায় ছাত্র-শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় মাদরাসা ছাত্র-শিক্ষক এবং চরমোনাই ইউপি চেয়ারম্যান মুফতি এছহাক মু.আবুল খায়ের উপস্থিত ছিলেন।

তিনি বলেন, বাক ও ব্যক্তি স্বাধীনতা হরণ করার অসৎ উদ্দেশ্যে নিয়েই সরকার নতুন সম্প্রচার নীতিমালা প্রণয়ন করেছে। তথ্য মন্ত্রণালয় সম্প্রতি নির্বাহী আদেশে পত্রিকার প্রকাশনা বাতিলের ক্ষমতাযুক্ত করে দ্য প্রিন্টিং প্রেসেস এন্ড পাবলিকেশন্স এক্ট ১৯৭৩ সংশোধনের প্রস্তুতি চূড়ান্ত করে যে সম্প্রচার নীতিমালা করতে যাচ্ছে তা সংবাদপত্র ও গণমাধ্যমের স্বাধীনতা হরণ করবে। এ নীতিমালায় টকশো-কেও পুরোপুরি নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হবে।

পীর সাহেব বলেন, দুর্নীতি ও অনিয়মের সমালোচনা করা যাবে না এমন আইন জাতির কোনো কল্যাণ বয়ে আনবে না। এই নীতিমালা বাতিলের জন্য তিনি সরকারের প্রতি আহবান জানান।

ঢাকা,২৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ