বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২০ সেশনের জন্য কেন্দ্রীয় সভাপতি নির্বাচন ও সেক্রেটারি জেনারেল মনোনয়ন সম্পন্ন হয়েছে। অনলাইনে সারাদেশের সদস্যদের ভোটে কেন্দ্রীয় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. সিরাজুল ইসলাম। সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনীত হয়েছেন সালাহউদ্দিন আইউবী।

সোমবার সন্ধ্যায় কেন্দ্রীয় প্রচার সম্পাদক মো. শাহাদাত হোসেন স্বাক্ষরিত েএক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল ১০টায় নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতির নাম ঘোষণা করেন ছাত্রশিবিরের সহকারী নির্বাচন কমিশনার ও সাবেক কেন্দ্রীয় সভাপতি মতিউর রহমান আকন্দ। শহীদ আব্দুল মালেক মিলনায়তনে ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ ও শাখা দায়িত্বশীল সম্মেলনে এ নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী নির্বাচন কমিশনার ও সাবেক কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম বুলবুল। পরে নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতিকে শপথ পাঠ করান সহকারী নির্বাচন কমিশনার মতিউর রহমান আকন্দ।

গত ২৮ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত সারাদেশে অনলাইনের মাধ্যমে একযোগে কেন্দ্রীয় সভাপতি নির্বাচনের ভোট গ্রহণ করা হয়। ছাত্রশিবিরের সংবিধান অনুযায়ী কেন্দ্রীয় সভাপতি ২০২০ সেশনের জন্য কার্যকরী পরিষদের সাথে পরামর্শ করে সালাহউদ্দিন আইউবিকে সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনয়ন দেয়া হয়।

উল্লেখ্য, নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতি সিরাজুল ইসলাম বুয়েট থেকে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগে স্নাতক ও একই বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রী সম্পন্ন করেন। বর্তমানে তিনি একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে এমবিএ-তে অধ্যয়নরত আছেন।

নব মনোনীত সেক্রেটারি জেনারেল সালাহউদ্দিন আইউবী ঢাকা কলেজ থেকে ইংরেজি সাহিত্য বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। পরবর্তীতে লিবার্টি ল’ কলেজ থেকে এলএলবি সম্পন্ন করে বর্তমানে এলএলএম’এ অধ্যয়নরত আছেন।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের আমীর সেলিম উদ্দিন, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. ইয়াছিন আরাফাত এবং সদ্য বিদায়ী কেন্দ্রীয় সভাপতি ড. মোবারক হোসাইনসহ কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ ও শাখা সভাপতিবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।