গোলাম আযমের নামাজে জানাজা বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পড়াতে বাধা দেবে ব্লগার-অনলাইন অ্যাক্টিভিস্ট এবং কয়েকটি বাম সংগঠন।
শনিবার সকালে ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাক্টিভিস্ট নেটওয়ার্ক, শাহবাগ আন্দোলন, গণজাগরণ মঞ্চ (কামাল পাশা অংশ), জাসদ (ছাত্রলীগ), ছাত্র আন্দোলন, ছাত্র মৈত্রী এবং ছাত্র ফেডারেশনসহ বিভিন্ন সংগঠন বায়তুল মোকাররম ও পল্টন এলাকায় সমবেত হচ্ছে বলে জানিয়েছেন সংগঠনগুলোর নেতারা।
শুক্রবার (২৪ অক্টোবর) রাতে গোলাম আযমের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, শনিবার (২৫ অক্টোবর) বাদ জোহর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে। জানাজা পড়াবেন তার বড় ছেলে আবদুল্লাহিল আমান আযমি।
পরিবারের এ ঘোষণার পরই অনলাইন অ্যাক্টিভিস্ট এবং বিভিন্ন সংগঠন বায়তুল মোকাররমে নামাজে জানাজা প্রতিরোধের সিদ্ধান্ত নেয়।
শনিবার বেলা সাড়ে ১১টায় ছাত্রমৈত্রীর সাধারণ সম্পাদক তানভীর রুসমত গণমাধ্যমকে বলেন, ‘বায়তুল মোকাররমে নামাজে জানাজা হলে তা প্রতিরোধ করার সিদ্ধান্ত নিয়েছি। এ পর্যন্ত কয়েকটি বাম সংগঠন জাতীয় প্রেসক্লাব এলাকায় অবস্থান নিয়েছে। আমরা সমবেত হয়ে প্রতিবাদ করবো।
তিনি বলেন, আমরা জানতে পেরেছি, সরকার বা ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে বায়তুল মোকাররমে গোলাম আযমের জানাজার অনুমতি এখনো পর্যন্ত দেওয়া হয়নি। অনুমতি ছাড়া জানাজা পড়ানো হলে আমরা প্রতিরোধের জন্য রাস্তায় থাকবো।
ব্লগার অমি রহমান পিয়াল বলেন, আমি নিজ উদ্যোগে বায়তুল মোকাররম যাচ্ছি। উদ্দেশ্য গোলাম আযমের জানাজা ঠেকানো।
জেএ





