যুবদলের কেন্দ্রীয় সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে খুব বেশি চিন্তিত হওয়ার প্রয়োজন নেই। বিগত নির্বাচনের মতো এই নির্বাচনেও ভোটারের প্রয়োজন নেই। প্রয়োজন আছে পুলিশ  ও সরকারি পেটোয়া বাহিনীর।

শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে জাতীয়তাবাদী নাগরিক দল আয়োজিত এক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।

১৯৭২ সালের ৪ জানুয়ারি তৎকালীন প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের এক ভাসনের উদ্ধৃতি দিয়ে আলাল বলেন, ‘সেই ভাষণে তাজউদ্দিন আহমেদ বলেছিলেন, ১০ লাখেরও বেশি শহীদের রক্তের বিনিময়ে আমরা এই দেশকে স্বাধীন করেছি।’

‘এখন প্রধানমন্ত্রীকে (শেখ হাসিনা) বলতে চাই, শহীদের সংখ্যা নিয়ে বিতর্ক আমরা তৈরি করছি না। বিতর্ক চলছে আপনাদের মাঝে। বেগম জিয়া শুধু সেই কথাটি বলেছিল। অথচ এর কারণে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়েছে।’

‘তাজউদ্দিন আহমেদ প্রত্যক্ষভাবে যুদ্ধ করেছেন এবং সে সময় দেশের বিভিন্ন স্থানে ঘুরে বেরিয়েছেন। তখন মরহুম শেখ মুজিব দেশে ছিল না তিনি তখন জেলে ছিলেন।’ তার পক্ষে শহীদদের সঠিক সংখ্যা জানার কথা নয় বলেও মন্তব্য করেন তিনি।

এই সভায় সংগঠনের সভাপতি শাহজাদা সৈয়দ মো. ওমর ফারুকের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মো. রহমতউল্লাহ।

এমএইচ