ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় গবেষণা সম্পাদক মুনতাছির বিল্লাহকে ময়মনসিংহ থেকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় বিএনপির আরও ৩ কর্মী’সহ মোট ৪৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে এঁদের গ্রেফতার করা হয়েছে বলে জেলা পুলিশের মিডিয়া সেন্টারের উপপরিদর্শক (এসআই) সুমন তালুকদার জানিয়েছেন।

আটক বিএনপির কর্মীদের মধ্যে রয়েছেন মোফাজ্জাল হোসেন, হাফিজ উদ্দিন ও আবুল কালাম আজাদ। বাকিরা বিভিন্ন মামলার পলাতক আসামি। এঁদের মধ্যে শিবিরের নেতা মুনতাছিরকে আটক করা হয়েছে পাগলা থানা এলাকা থেকে।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান দাবি করেন, “গতকাল সন্ধ্যায় মুনতাছির বিল্লাহ’সহ ৪ জন নাশকতা সৃষ্টির পরিকল্পনা করার জন্য ব্রহ্মপুত্র নদের পাড়ে সভা করছিলেন। গোপন খবরের ভিত্তিতে সেখান থেকে তাঁদের গ্রেফতার করা হয়েছে।”

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কোতোয়ালি মডেল থানায় ১০ জন, মুক্তাগাছায় ৩ জন, ফুলবাড়িয়ায় ১ জন, ভালুকায় ৫ জন, গফরগাঁওয়ে ২ জন, পাগলা থানায় ৪ জন, গৌরীপুরে ২ জন, ঈশ্বরগঞ্জে ৪ জন, নান্দাইলে ৩ জন, ফুলপুরে ২ জন, হালুয়াঘাটে ২ জন, ধোবাউড়ায় ২ জন এবং তারাকান্দায় ৭ জনকে আটক করা হয়েছে।

এমবি