প্রধানমন্ত্রী শেখ হাসিনা আচরণবিভি লঙ্ঘন করেছেন বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, “প্রধানমন্ত্রীর বক্তব্যের মধ্য দিয়ে বড় রকমের বিধি লঙ্ঘন দিয়ে ঢাকা সিটি করপোরেশনের ভোট শুরু হয়েছে।” তার মতে, “ঢাকা সিটি ভোটে একটি তামাশার নির্বাচন হয়েছে।”
শনিবার (১ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে রাজধানীর নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন বিএনপি মহাসচিব।
বিএনপির অবস্থান তুলে ধরে মির্জা ফখরুল বলেন, “সিটি নির্বাচন শুরুই হয়েছে বড় রকমের আচরণবিধি লঙ্ঘনের মধ্য দিয়ে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে নিজে ভোট দিয়ে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। এটা সরাসরি নিবাচনে হস্তক্ষেপের শামিল। কোনও ক্রমেই তার বক্তব্য নির্বাচন আচরণবিধির মধ্যে পড়ে না।”
ফখরুল অভিযোগ করেন, “অনেক ভোটকেন্দ্রে নানান রকম অনিয়ম হলেও সরকারি বাহিনী কোনও ব্যবস্থা গ্রহণ করেনি। কোনও কোনও কেন্দ্রে ইভিএমে ধানের শীষের প্রতীক ছিলো না। ফলে অনেক ভোটার ধানের শীষে ভোট দিতে পারেনি। অনেকে ভোটকেন্দ্র থেকে ভোটারদের ভোট না দিতে দিয়ে বের করে দেওয়া হয়েছে।”
অনেক সাংবাদিককেও লাঞ্ছিত করে ভোটকেন্দ্রে থেকে বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল।
তিনি বলেন, “আওয়ামী লীগের সন্ত্রাসীরা ভোটকেন্দ্রের নিয়ন্ত্রণ নিয়ে ভীতির সঞ্চার করেছে। শত শত অনিয়মের খবর ইসিতে পাঠানো হলেও তারা কোনও পদক্ষেপ নেয়নি।”
এমবি





