তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, বেগম খালেদা জিয়া কথিত আন্দোলনের নামে দেশের মধ্যে তিন মাস ধরে জ্বালাও পোড়াও করে সাধারণ মানুষকে পুড়িয়ে হত্যা করেছে।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়ার ভেড়ামারা সাতবাড়িয়া ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ইনু বলেন, সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে খালেদা জিয়া আবারও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। এই অগ্নি সস্ত্রাস যতক্ষণ পর্যন্ত বাহিরে থাকবে ততক্ষণ পর্যন্ত এদেশের একটি মানুষও নিরাপদে থাকতে পারবেনা। তাই তাকে আইনের কাঠগাড়ায় দাঁড় করিয়ে বিচারের মাধ্যমে কঠোর সাজা দিতে হবে।
তথ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার স্বর্ণ প্রবাসী এবং তাদের পরিবারের নিরাপত্তা দিতে বদ্ধ পরিকর। প্রবাসীদের মহাশত্রু জঙ্গীবাদ, সন্ত্রাসবাদ, আগুন সন্ত্রাস। এদের শক্ত হাতে দমন করবে সরকার।
এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে ইনু বলেন, খেলাধুলার পাশাপাশি ছেলে-মেয়েদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে হবে। যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত। তাই শিক্ষার কোন বিকল্প নেই।
তিনি অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। ভেড়ামারা সাতবাড়িয়া ভবানিপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নবির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রেজা, ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তিমনি চাকমা, পৌর মেয়র শামিমুল ইসলাম ছানা, ভেড়ামারা সার্কেল এএসপি মিয়া আশীষ বিন হাসান, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলিম স্বপন, ভেড়ামারা জাসদের সাধারণ সম্পাদক আনছার আলী, ভেড়ামারা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার হায়দার, ধরমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাবুল ইসলাম লালু প্রমুখ।
এমকে





