আগামীকাল শনিবার ২৭ সেপ্টেম্বর পূর্ব ঘোষিত ২০ দলীয় জোটের উদ্যোগে আয়োজিত জামালপুরের জনসভায় যোগ দিতে রওয়ানা হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শুক্রবার বিকেল পৌনে পাঁচটায় গুলশানের বাসভবন থেকে রওনা হয়েছেন তিনি।

চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান টাইমনিউজবিডিকে এই তথ্য জানিয়েছেন।

শুক্রবার রাতে যমুনা রিসোর্টে রাত্রিযাপন করে পরদিন শনিবার সকাল ১১টায় রওনা হ এলেঙ্গা, কালিহাতি, ঘাটাইল, মধুপুর, ধনবাড়ি হয়ে শনিবার জামালপুর পৌঁছবেন তিনি।

এরপর বিকাল ৩টায় জেলা হাইস্কুল মাঠে (স্টেডিয়াম সংলগ্ন) বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট আয়োজিত জনসভায় যোগদান করবেন বিএনপি চেয়ারপারসন। জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন বেগম খালেদা জিয়া।

এ সভায় সভাপতিত্ব করবেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম।

দলীয় সূত্রে জানা গেছে, শনিবারের জনসভাকে কেন্দ্র করে জামালপুরে বিএনপি ও জোটের নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি নিয়েছেন। সারাদেশে গুম, খুন, হামলা-মামলা, জুলুমের প্রতিবাদ, সংবাদ মাধ্যম ও বিচার বিভাগের স্বাধীনতায় হস্তক্ষেপ বন্ধ এবং অবিলম্বে অবৈধ সংসদ বাতিল ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ২০ দলীয় জোটের উদ্যোগে এই জনসভা অনুষ্ঠিত হবে।

ঢাকা, এমএইচ, ২৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম