বিএনপির মুখপাত্র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, আওয়ামী লীগ থেকে আগাছা পরিস্কার করতে হবে। প্রধানমন্ত্রী ছাত্রলীগ থেকে আগাছা পরিস্কারের কথা বলেছেন। এরপরে যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, সর্বপরি আওয়ামী লীগ থেকে আগাছা পরিস্কার করবেন বলে প্রত্যাশা করি। তিনি যদি এ কাজটি আগে থেকে শুরু করতেন তাহলে দেশের জন্য মঙ্গল হত।
বুধবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আওয়ামী লীগের সাথে সাথে সরকারের মন্ত্রী পরিষদ থেকে আগাছা মন্ত্রীদের বাদ দিতে হবে। এসব আগাছা দিয়ে দেশের উন্নতি হয় না।
আসাদুজ্জামান রিপন বলেন, ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ সহ আওয়ামী লীগের অন্যান্য সংগঠন বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করে। তারা খাই খাই নিয়ে মারামারি সন্ত্রাসী করে বিএনপি নেতাকর্মীদের উপর দায় চাপিয়ে দিয়ে মিথ্যা মামলা এলাকা ছাড়া করছে। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
ঢাকার মেয়রদের উদ্দেশ্য করে রিপন বলেন, ভোটের আগে দুই মেয়র ঝাড়– নিয়ে মাঠে নেমেছিলেন পরিস্কার করার জন্য। এখন মাঠে নামলে পানিতে ডুবে যেতে পারেন। তাই এবার ডিব্বা দিয়ে ঢাকার পানি সেচতে পারেন। সত্যিকথা বলতে এসব ঝাড়–দারী কাজকর্ম দিয়ে ঢাকার মেয়র চলেনা।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইকবাল হাসান মাহমুদ টুকু, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, নাটোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কাজী শাহআলম প্রমুখ।
এমএইচ





