‌’৭২রের সংবিধান থেকে বিচারপতিদের অভিসংশনের যে বিষটি বাতিল করে দেয়া হয়েছিল। আগামী সংসদ অধিবেশনে তা ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্ট পরিষদ সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত।

সোমবার দুপুরে রাজধানীর পাবলিক লাইব্রেরী মিলনায়তনে নৌকা সমর্থক গোষ্ঠি আয়োজিত আওয়ামী লীগের নারী নেত্রী আইভি রহমানের স্মরণ সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিচারপতিদের অভিসংশনের বিষটি ‌’৭২ রের সংবিধানে ছিল। সামরিক ফরমানের মাধ্যমে এই বিষয়টিকে বাতিল করে দেয়া হয়েছিল। সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এটা ফিরে আনা দরকার ছিল। কিন্তু কিছু স্বার্থন্বেষী মহলের জন্য আমরা করতে পারিনি। তবে আগামী সংসদ অধিবেশনে সংবিধানের ষোড়শ সংশোধনীর মাধ্যমে এই বিষয়টিকে ফিরিয়ে আনা হবে।

বিচারপতিদের অভিসংশনের বিষয়ে বিএনপির কোন দ্বিমত থাকতে পারে না উল্লেখ করে আওয়ামী লীগের এ নেতা বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ একটি পত্রিকায় স্টেটমেন্ট দিয়েছেন। যদি সরকার বিচারপতিদের অভিসংশনের আইনে ফিরে যায়, তাহলে আমি তাদের পক্ষে ভোট দিব। অতএব এ নিয়ে বিএনপির বিরোধীতা করা বা হৈচৈ কারর কোন সুযোগ নেই।

‘আওয়ামী লীগের হাত রক্তে রঞ্জিত’ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের কঠোর সমালোচনা করে সুরঞ্জিত বলেন, আওয়ামী লীগের হাত রক্তে রঞ্জিত এটা সত্য কথা। আওয়ামী লীগ পাকিস্তানীদের হত্যা করে বাংলাদেশকে স্বাধীন করেছে। এতে আমরা গর্বিত। তবে ৪৩ বছরেও মির্জা ফখরুলরা এই দু:খ ভুলতে না পারলে আমার বলার কিছু নেই।

তিনি বলেন, জিয়াউর রহমানের নেতৃত্বে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে। আবার ২১ শে আগস্ট বঙ্গবন্ধু কন্যাকে হত্যার চেষ্টা চালিছেন খালেদা জিয়া ও তারেক রহমান। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এই হামলা করা হয়েছে। তখন খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকলেও রাষ্ট্র পরিচালনা হত হাওয়া ভবন থেকে।

ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মো: সেলিমের সভাপতিত্বে স্মরণ সভায় আরও উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি হুমায়ুন কবির মিজিসহ নৌকা সমর্থক গোষ্ঠির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ঢাকা, এমআর, ২৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ