আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জন্মদিন নিয়ে বিভিন্ন সময় জালিয়াতির আশ্রয় নিয়েছেন। তার বিরুদ্ধে আমি সরকারকে ফৌজদারি মামলা করার আহ্বান জানাচ্ছি।
এ সময় তিনি সাংবাদিকদেরকে খালেদা জিয়ার পাসপোর্ট ও এসএসসির সার্টিফিকেটের কপি সরবরাহ করে বিভিন্ন সময়ে তার পরিবর্তিত জন্মদিন দেখান।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় খাজা নিজাম উদ্দিন মিলনায়তনে ন্যাপ ভাসানী আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
হাছান মাহমুদ বলেন, “১৯৯১ সালে খালেদা জিয়া প্রধানমন্ত্রী হওয়ার পর তথ্য অধিদপ্তর কর্তৃক প্রকাশিত রাষ্ট্রীয় জীবনবৃত্তান্ত অনুসারে তার জন্মদিন ১৯৪৭ সালের ১৯ আগস্ট। বিয়ের কাবিননামায় ১৯৪৪ সালের ৫ আগস্ট এবং শিক্ষা বোর্ডের কাগজপত্রে তার জন্মদিন ১৯৪৬ সালের ৫ সেপ্টেম্বর।”
হাছান বলেন, “পৃথিবীর যেকোনো দেশে এভাবে জন্মদিন নিয়ে জালিয়াতি করলে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা হতো। তাই সরকারকে অনুরোধ করব তার বিরুদ্ধে তথ্য জালিয়াতির অভিযোগে ফৌজদারি মামলা করা হোক।”
হাছান মাহমুদ বলেন, “১৫ আগস্ট বাঙালির শোক দিবস হওয়ায় আগস্টের প্রথম থেকেই সাধারণ মানুষও শোক পালন করে। অথচ ব্যতিক্রম শুধু খালেদা জিয়ার বেলায়। তিনি হয়তো আজ রাত ১২টায় খুব ধুমধাম করে জন্মদিন পালন করবেন। জাতীর এই শোকের দিনে আনন্দ উল্লাস করা শুধু নিন্দনীয় নয়, এটা বিকৃত মানুষিকতার পরিচয় বহন করে।”
সংগঠনের চেয়ারম্যান মুস্তাক আহমেদ ভাসানীর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি চিত্তরঞ্জন দাস, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী মনোরঞ্জন ঘোষাল ও নারী নেত্রী ফাতেমা জামান সাথী।
ঢাকা, ১৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ





