খাদ্যমন্ত্রী এ্যাড. কামরুল ইসলাম বলেছেন, সুশীল সমাজ আগুনে পুড়িয়ে মানুষ হত্যা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধের কথা না বলে সন্ত্রাসীদের সাথে সংলাপের কথা বলছে।
রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত বোমা মেরে মানুষ হত্যা, দেশ ও জনগণের বিরুদ্ধে খালেদা জিয়ার প্রতিহিংসার রাজনীতি বন্ধের দাবিতে’ এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
তিনি বলেন, আলোচনা করতে বাধা নেই, কিন্তু সন্ত্রাসী ও জঙ্গীদের সাথে কোন আলোচনা হতে পারে না। বিএনপি-জামায়াত জোট মানুষ মারা বন্ধ না করলে তাদের সাথে কোন কথা নয়।’
১/১১ এর কুশীলবরা আবার সক্রিয় হয়েছে মন্তব্য করে কামরুল ইসলাম বলেন, ‘সমাজে একশ্রেণীর সুশীল সমাজ আছে যারা বোমা মেরে মানুষ হত্যা বন্ধ করার কথা না বলে ঐসব হত্যাকারীদের সাথে সরকারকে আলোচনার কথা বলে। বোমা হামলার বিষয়ে , নৈরাজ্যের বিষয়ে সংলাপ হতে পারে বলে মস্তব্য করেন তিনি।
তারা বার্ণ ইউনিটে গিয়ে পুড়ন্ত মানুষের পাশে না দাঁড়িয়ে কয়েকদিন পর পর সেমিনার করে বক্তব্য বিবৃতি দিয়ে কর্মসূচী ঘোষণা করেন। তারা মাঝ পথে হেঁটে দুই দলকে সমান করার চেষ্টা করে মূলত মানুষ হত্যার ইন্ধন দিয়ে যাচ্ছে।’
তাই সন্ত্রাসীদের সাথে আলোচনার কথা না বলে জনগণের সুরে কথা বলুন। সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে সরকারের প্রতি দাবি জানাতে ঐসকল সুশীলদের প্রতি আহ্বান জানান মন্ত্রী।
সমাবেশে আরও বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরূন সরকার রানা, আওয়ামী লীগের উপ কমিটির সহ-সম্পাদক এম এ করিম, আওয়ামী লীগ নেতা এ্যাড. বলরাম পোদ্দার প্রমুখ।
এমএ/এসএইচ





