বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর লাশবাহী ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায়।

মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি (এমএইচ ১০২) ফ্লাইটে তার লাশ আসবে। এসময় আরাফাত রহমান কোকোর কফিনের সঙ্গে থাকবেন তার স্ত্রী সায়েদ শর্মিলা রহমান, দুই মেয়ে জাহিয়া রহমান ও জাফিয়া রহমান এবং খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার।

আরও থাকবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোসাদ্দেক ‍আলী ফালু, কোকোর নিকটাত্মীয় এস এম হাসান রাজা ছাড়াও মালয়েশিয়া বিএনপির মোহাম্মদ শহীদ উল্লাহ শহীদ, মাহবুব আলম শাহ,আলমগীর হোসেন, মোহাম্মদ তালহা মাহমুদ, মোহাম্মদ নাসির উদ্দিন নাসির ও মোহাম্মদ মিনহাজ।

বিমানবন্দরে আরাফাত রহমান কোকোর লাশ গ্রহণ করবেন বিএনপির ৫ নেতা। খালেদা জিয়া নিজেই তাদের মরদেহ গ্রহণের দায়িত্ব দিয়েছেন।

এরা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, আবদুল্লা আল নোমান ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গিয়াস উদ্দিন কাদের চৌধুরী।

বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং এর এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।

শনিবার (২৪ জানুয়ারি) মালয়েশিয়া অবস্থানকালে আরাফাত রহমান কোকো আকস্মিকভাবে বুকে ব্যথা অনুভব করেন। এরপর স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। মৃত্যুর আগ পর্যন্ত তিনি মালয়েশিয়ায় অবস্থান করছিলেন।

কোকোর মরদেহ সেখানকার একটি হিমঘরে রাখা ছিলো।

এএইচ