বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার বলেন, ইসলামী আন্দোলনের কর্মীরা মৃত্যুকে পরোয়া করে না। শাহাদাতের তামান্নায় তাঁরা উন্মুখ থাকে। সকল বাধা মাড়িয়ে তাঁরা জীবন বাজি রেখে আল্লাহর পথে এগিয়ে যায়। সুতরাং মৃত্যুর ভয় দেখিয়ে ইসলামী আন্দোলন থেকে পিছু হটানো যাবেনা।
তিনি আজ ছাত্রশিবিরের ১৭৯ তম শহীদ শাহ জামালের প্রথম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ছাত্রশিবির ঢাকা মহানগরী দক্ষিণ শাখার উদ্যোগে আজ বেলা ২টায় রাজধানীর এক মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
মহানগরী সভাপতি মাঈনুদ্দিন মৃধার সভাপতিত্বে ও সেক্রেটারী সাদেক বিল্লাহর পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নাভিদ আনোয়ার, শিক্ষা সম্পাদক মোবারক হোসেন, পরিকল্পনা ও উন্নয়ন সম্পাদক শাহীন আহমদ খান।
শিবির সভাপতি বলেন, আওয়ামী জালিম সরকার মনে করেছে গুলি করে ছাত্রশিবিরের অগ্রযাত্রাকে থমকে দেবে। কিন্তু তাদের সে আশা কোনভাবেই পূরণ হবে না। গত কয়েক বছরের আওয়ামী জুলুম নির্যাতন সে সাক্ষ্যই বহন করে, ছাত্রশিবিরকে বাংলাদেশের মাটিতে কোনভাবেই রোখা যাবে না।
গুলি করে, নির্যাতন করে, খুন-গুম করে এই আন্দোলনের কর্মীদের লক্ষ্য থেকে একচুল পরিমানও সরানো যাবে না। ছাত্রশিবিরের নেতাকর্মীরা জানে কী করে রক্তচক্ষু উপেক্ষা করতে হয়।
বাধা আসলে কী করে সে বাধা উপড়ে ফেলে সামনের দিকে এগিয়ে যেতে হয়। শহীদ ভাইদের অনুপ্রেরণায় উজ্জীবিত হয়ে শিবিরের নেতাকর্মীরা একইভাবে সামনের দিকে এগিয়ে যাবে।
তিনি বলেন, শহীদ শাহ জামাল আমাদের জন্য অনুপ্রেরণার সুউচ্চ মিনার। আন্দোলনকে সামনের দিকে এগিয়ে নিতে শহীদ জামাল কখনোই পিছপা হননি। তিনি দৃঢ়তাসহ সামনের দিকে এগিয়ে গেছেন।
আল্লাহর যমীনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠাই ছিল তাঁর স্বপ্ন। সে স্বপ্ন পূরণে তিনি দ্বিধাহীন চিত্তে নিজের জীবন বিলিয়ে দিয়েছেন।
আমাদের সবাইকে শহীদ শাহ জামালের জীবন থেকে শিক্ষা নিয়ে ইসলামী আন্দোলনে আরো অগ্রগামী হতে হবে।
তিনি আরো বলেন, বাংলাদেশ এক ক্রান্তিলগ্নে দাঁড়িয়ে আছে। আওয়ামী অপশাসনে সারাদেশ আজ ক্ষত-বিক্ষত। এই অবস্থায় আমাদের সচেতন দেশপ্রেমিক হিসেবে নিজ দায়িত্ব পালন করতে হবে।
আওয়ামী ষড়যন্ত্র সম্পর্কে সজাগ থেকে ছাত্রজনতাকে সাথে নিয়ে রাজপথে ধারাবাহিক আন্দোলন চালিয়ে যেতে হবে।
এসএইচ





