বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এজিদের হাসি হাসছেন।  হাসান ও হোসেনকে হত্যা করে এজিদ যেমন বিজয়ের হাসি হেসেছিল, তেমনি শত শত মানুষ হত্যা করে হাসিনাও সে রকম বিজয়ের হাসি হাসছেন।
শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেন।
গয়েশ্বর বলেন, বিএনপি উপজেলা নির্বাচনে অংশ নেওয়ার মাধ্যমে তথাকথিত সরকার এবং গৃহপালিত নির্বাচন কমিশনের মুখোশ জনগণের সামনে উন্মোচন করে দেবে।
তিনি আরো বলেন, ৫ জানুয়ারির তথাকথিত ভোটার বিহীন প্রহসনের নির্বাচনে অংশনিলে বিএনপি বিজয়ী হত বলে যারা মন্তব্য করছেন তাদের সামনে প্রমাণ উপস্থাপনের জন্য বিএনপি উপজেলা নির্বাচনে অংশ নেবে।
নির্বাচন কমিশনের সমালোচনা করে গয়েশ্বর বলেন, এই গৃহপালিত নির্বাচন কমিশন সরকারকে খুশি করার জন্য এমন আইন করেছে যে, উপজেলা নির্বাচনেও প্রার্থীরা তাদের স্বপদে বহাল থেকে পুনরায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে।
দশ ট্রাক অস্ত্র মামলার রায় সম্পর্কে তিনি বলেন, জাতীয় নিরাপত্তায় নিয়োজিত ব্যক্তিদের বিরুদ্ধে যদি অন্যায়ভাবে ফাঁসির আদেশ দেওয়া হয় তবে আগামী দিনগুলোতে জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়বে।
ইয়ুথ ফোরামের সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলন সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
[b]ঢাকা, ৩১ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]