বিএনপির সিনিয়র নেতারা অন্য দল থেকে এসেছেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘বিএনপি একটি লিমিটেড কোম্পানি। ওই দলের নেতারা হলেন ভাড়াটে।

আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, মির্জা ফখরুল ইসলাম, মওদুদ আহমদ ও রুহুল কবির রিজভীরা অন্য দল থেকে এসেছেন। মওদুদ আহমদ আওয়ামী লীগ, জাতীয় পার্টি করে বিএনপিতে এসেছেন, আর মির্জা ফখরুল ইসলাম ও রুহুল কবির রিজভী ছাত্র জীবনে অন্য দল করেছেন।’

তিনি বলেন, বিএনপিকে অন্য কারও ধ্বংস করার দরকার নেই। তারা নিজেরাই নিজেদের ধ্বংস করেছে। অন্য কারও প্রয়োজন নেই। আওয়ামী লীগ চায় বিএনপি একটি শক্তিশালী দল হিসেবে টিকে থাক।গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য শক্তিশালী বিরোধীদল দরকার।

ছাত্রলীগের ভবিষ্যৎ নিয়ে জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, ‘ছাত্রলীগে বর্তমানে যে সমস্যা চলছে, তা সমাধানযোগ্য। এটি বড় কোনো বিষয় নয়।’

খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির মানববন্ধন কর্মসূচির সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, ‘তাদের কর্মসূচি কখনো শান্তিপূর্ণ ছিল না। ২০১৪ সালে বিএনপি সারা দেশে দানবীয় কর্মসূচি পালন করে মানুষের গণধিক্কৃত দলে পরিণত হয়েছে। এ কারণেই তাদের একজন নেতা মানববন্ধন কর্মসূচিকে দানববন্ধন কর্মসূচি হিসেবে আখ্যায়িত করেছেন।’

 

এএস