ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো: ফরিদুল হক খান বলেছেন, অপশক্তি যে দলেরই হোক তাদের ছাড় নেই। আর কোনও জায়গায় কুমিল্লার মতো ঘটনার পুনরাবৃত্তি ঘটতে দেওয়া হবে না। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই অপশক্তি প্রতিহত করতে হবে।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকালে সাড়ে ১০টার দিকে কুমিল্লার নানুয়ার দিঘীর পাড়ের ক্ষতিগ্রস্ত অস্থায়ী পূজামণ্ডপ পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী এইসব কথা বলেন।

ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী বলেন, সংবিধান মেনে অসাম্প্রদায়িক বাংলাদেশ হিসেবে সবাই চলবো আগামী দিনের ভবিষ্যৎ ও বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠায়। প্রধানমন্ত্রীর ইচ্ছার প্রতিফলন ঘটাতে হলে সংবিধানে যা লেখা আছে তাই মেনে চলতে হবে। কারণ শত্রু চিরদিনই শত্রু। তারা সুযোগ পেলেই ছোবল দেবে। শত্রুকে প্রতিহত করতে হলে প্রশাসন, জনগণ একসঙ্গে কাজ করে যেতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী আকম বাহার উদ্দিন বাহার, কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত, কুমিল্লা জেলা প্রশাসক কামরুল হাসান ও কুমিল্লা পুলিশ সুপার ফারুক আহমেদ প্রমুখ।

এমবি