স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘যদি কোনো র‌্যাব সদস্য অপরাধ করেই থাকে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। সে ক্ষেত্রে কে কী প্রেসক্রিপশন দিল সে বিষয়ে আমাদের কিছু যায় আসে না।'

সোমবার দুপুরে নিজ কার্যালয়ে তিনি সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এ কথা বলেন।

আসাদুজ্জামান খাঁন বলেন, ‘আমরা কেউ আইনের ঊর্ধ্বে নয়। দেশে প্রচলিত আইন রয়েছে। যদি কেউ কোনো অপরাধ করে থাকে তাহলে তাদের আইনের আওতায় এনে বিচার করা হবে।’

একটি স্বাধীন দেশে আইন আছে, আদালত আছে সে অনুসারেই তাদের বিচার সম্পূর্ণ হবে বলে তিনি জানান।

তিনি বলেন, ‘হরতাল জনগণ প্রত্যাখ্যান করেছে। জামায়াত ও বিএনপির ডাকা হরতালে জনগণের সম্পৃক্ততা ছিল না। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহন চলাচল স্বাভাবিক ছিল। অন্যান্য দিনের মতো আজও (সোমবার) ট্রাফিক পুলিশ ব্যস্ত সময় পার করছে।’

প্রসঙ্গত, র‌্যাব বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন করছে উল্লেখ করে সম্প্রতি ইউরোপীয় পার্লামেন্টের (ইপি) সদস্যরা বলেছেন, র‌্যাবকে যেন দায়মুক্তি না দেয়া হয়।’

ঢাকা, ২২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ