তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, মানুষের রক্তের ওপর দাঁড়িয়ে বিএনপি গঠন করা হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু স্বাধীনতা পরিষদের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

আজ শনিবার (৩১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে ড. হাছান বলেন, গতকাল (শুক্রবার) সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব গত ১০ বছরে কত মানুষ নিখোঁজ হয়েছেন-সে কথা বলেছেন। অথচ এই বিএনপি গঠিত হয়েছে জিয়াউর রহমানের রক্তে রঞ্জিত হাতে। মানুষের রক্তের ওপর দাঁড়িয়ে বিএনপি গঠন করা হয়েছে।

জিয়াউর রহমান রাষ্ট্রক্ষমতা দখল করে ক্ষমতাকে নিষ্কণ্টক করার জন্য একহাজার ৬০০ সেনাসদস্যকে হত্যা করেছেন। সেনাবাহিনীর অনেক সদস্য ছুটিতে ছিলেন, তাদের ডেকে পাঠিয়ে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। অথচ তারা জানতেও পারেননি তার অপরাধ কী।

‘সেনা, নৌ এবং বিমান বাহিনীর কয়েক হাজার সদস্যকে হত্যা করেছেন স্বৈরশাসক জিয়াউর রহমান। যে বিএনপি মানুষের রক্তের ওপর দাঁড়িয়ে আছে, তারা আবার বড় বড় কথা বলছে কী করে?’

তিনি বলেন, এসব সন্ত্রাসী কর্মকাণ্ড ও অগ্নিসন্ত্রাসে বিএনপি নেতারা হুকুমের আসামি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর- আপনি ভারপ্রাপ্ত মহাসচিব এবং মহাসচিব হওয়ার পর আপনার নেতৃত্বে এসব হয়েছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি একটি কমিশন গঠন করে এসব ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনা উচিৎ।

জিয়াউর রহমান ক্ষমতায় থাকাকালে আওয়ামী লীগের হাজার হাজার নেতা-কর্মীকে হত্যা করার বিষয়টিও তুলে ধরেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।


সভাপতিত্ব করেন বাংলাদেশ স্বাধীনতা পরিষদের উপদেষ্টা ব্যারিস্টার জাকির আহমদ। পরিচালনা করেন স্বাধীনতা পরিষদের সিনিয়র সভাপতি শেখ নওশের আলী।

এএস