চারিদিকে হতাশার কথা শুনি। কিন্তু আমি আমার ৫৯ বছরের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা থেকে বলছি- বর্তমান অবস্থা নিয়ে আমি হতাশ নই। অন্ধকার যত ঘনিয়ে আসবে, আলোর দেখা তত তাড়াতাড়ি মিলবে। এসব কথা বলেছেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান কাজী জাফর আহমেদ।
শুক্রবার বিকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে 'গণতন্ত্র প্রতিষ্ঠায় জিয়া' শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দল এ সভার আয়োজন করে।
কাজী জাফর বলেন, ভোটবিহীন তামাশার নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার তাসের ঘরের মতো ভেঙে পড়বে।
বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. আসাদুজ্জামান রিপন বলেন, বিনা টিকিটের যাত্রীরা ভয় পায়। আওয়ামী লীগ বিনা টিকিটের যাত্রী হয়েছে। বিনা টিকিটে ট্রেনে ওঠার কারণে সময় মতো তাদের জেল-জরিমানাও হবে।
আরেক বিশেষ অতিথি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. পিয়াস করিম বলেন, এ জাতি কখনো শোষককে শাসন করতে দেয়নি। এরা বাকশালকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, স্বৈরাচার এরশাদকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। হাসিনাকেও যথাসময়ে ধাক্কা দিয়ে ফেলে দেবে।
আওয়ামী লীগকে রাজাকারের দল উল্লেখ করে মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি শামা ওবায়েদ বলেন, জাতীয়বাদী দল হচ্ছে পরিপূর্ণ মুক্তিযোদ্ধার দল।
জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উপদেষ্টা ইসমাইল হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা ড. জাহিদসহ  বিএনপির মহানগরীর নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
[b]ঢাকা, ২৪ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম) // কেএইচ/এফএ[/b]