বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির আগে দলটি কোনো আলোচনায় যাবে না বলে জানিয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘বিএনপি নির্বাচনে যাবে। তবে মুক্ত খালেদা জিয়াকে সঙ্গে নিয়ে।’
আজ শনিবার বিকেলে বরিশালের হেমায়েতউদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বিএনপির বরিশাল বিভাগীয় সমাবেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘দেশে ৭১ হাজার মামলা, ১৮ লক্ষ আসামি। আপনাদের এই বরিশালেও পুলিশ আপনাদেরকে চেজ করছে, তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। আপনাদেরকে ঘরে থাকতে দেয় না।
বরিশালের বিভিন্ন জেলায় জেলায় আপনাদেরকে পুলিশ তাড়া করে বেড়ায়। আজকের এই জনসভাতেও আপনাদেরকে পুলিশ তাড়া করেছে। জনসভা করতে দিচ্ছে না। আমরা যদি ডিসিপ্লিনড না হই, আমরা যদি সঠিকভাবে শৃঙ্খলার সঙ্গে এগুতে না পারি, তাহলে এই যুদ্ধে আমরা জয়ী হতে পারব না।’
এছাড়াও বর্তমান সরকারকে জনবিচ্ছিন্ন সরকার উল্লেখ করে তাঁরা বন্দুকের নলের জোরে ক্ষমতায় টিকে আছে বলে অভিযোগ করেন বিএনপির মহাসচিব। ঐক্যবদ্ধভাবে সুশৃঙ্খল আন্দোলনের মাধ্যমে এ সরকারের দুঃশাসন থেকে জনগণকে মুক্ত করতে নেতাকর্মীদের প্রতি তিনি আহ্বান জানান।
বিএনপির যুগ্ম মহাসচিব মুজিবর রহমান সরোয়ারের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুসহ জ্যেষ্ঠ নেতারা।
এএস





