‘আওয়ামী লীগ হায়েনার মত আচরণ করছে’ -বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন- আওয়ামী লীগ নয়, বরং খালেদা জিয়া ও মির্জা ফখরুলই ২০০১ ও ২০০৬ সালের হায়েনা।

মঙ্গলবার বিকালে বিজয় দিবসের র‌্যালি পূর্ব, ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন।

বিএনপিকে উদ্দেশ্য করে হানিফ বলেন, আপনারা আন্দোলনের হুমকি দেন, আসুন দেখিয়ে দেই আন্দোলন কাকে বলে? আওয়ামী লীগ জানে আন্দোলন কি?

আমাদেরকে আন্দোলনের হুমকি দিয়ে কোন লাভ নেই। আপনার ডাকে কেউ সাড়া দিবে না। ৫০০-১০০০ কর্মী নিয়ে আন্দোলন হবে না। আপনাদের সকল ষড়যন্ত্র মাঠে থেকে প্রতিরোধ করবে আওয়ামী লীগ।

সমাবেশে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনার খবর আছে। আওয়ামী লীগকে হুমকি দেন। এসে দেখে যান গাবতলী ও বুড়িগঙ্গা দিয়ে বিজয় মিছিল শুরু হয়েছে। আপনার যুদ্ধাপরাধীদের শায়েস্তা করতে সবাই প্রস্তুত’।

তিনি আরও বলেন, রাজাকার নিয়ে ঘর-সংসার করেন আপনার লজ্জা হয় না। এদের পরিত্যাগ করুন, না হলে ঢাকাবাসীকে নিয়ে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

সমাবেশে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, খালেদা জিয়া আপনি যতই আস্ফালন করেন, আমাদের নেতাকর্মীরা ততই চাঙ্গা হয়। আজকের এই লাখ লোকের বিজয় মিছিল প্রমাণ করে শেখ হাসিনার নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধ।

ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানাক, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, ছাত্রলীগ সভাপতি এ এইচ এম বদিউজ্জামান সোহাগ, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ প্রমুখ।

এমআর/এসএইচ