গেরিলা মুক্তিযোদ্ধা, বিএনপির ভাইস চেয়ারম্যান ও অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার প্রথম জানাজা শেষে লাশ কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয়েছে।
আজ (০৭ নভেম্বর) বৃহস্পতিবার দুপুর ১২টায় সর্বস্থরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদ মিনারে আনা হয়। এরপর শুরু হয় সারিবদ্ধভাবে ফুল দিয়ে সকলের শ্রদ্ধা নিবেদন।
এর আগে বেলা ১০টা থেকে নানা শ্রেণী পেশার মানুষ শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদ মিনারের এসে ভীড় করেন। বেলা সাড়ে ১১টায় এসে পৌঁছান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।
এর আগে বৃহস্পতিবার বেলা সোয়া ১১ টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজার আগে সাদেক হোসেন খোকার বড় ছেলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, আমি প্রথমবার সংসদে পা রেখেছি আমার বাবার লাশ নিয়ে। যদিও বাবা ৪ বার সংসদ সদস্য হয়ে এসেছিলেন।
ইঞ্জিনিয়ার ইশরাক বলেন, বাবার বুকে চাপা কষ্ট রয়েছে তিনি নিজ দেশে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারেন নি। তিনি ট্রাভেল ডকুমেন্ট নিয়ে এখানে এসেছেন। তিনি ২০১৭ সালে পাসপোর্ট নবায়ন আবেদন করেছেন কিন্তু সেটা পাননি।
খোকার ছেলে আরও বলেন, আমার বাবা আমি যে দিন নিউইয়র্ক গেলাম সেদিন শেষ কথা বলেছেন। তিনি বলেছেন তার জানাজা যেন দেশে হয়। আমি সরকারকে ধন্যবাদ জানাই আমার বাবার লাশ দেশে আনতে সহযোগিতা করার জন্য।
তিনি বলেন, বাবা আমাকে বলেছিলেন, আমি বাক্সবন্দী হয়ে দেশে যাবেন। ঠিক ই তিনি বাক্সবন্দী হয়ে আসলেন সাথে তার দেহটা প্যাকেট হয়ে আসছেন। এ তথ্য আমি কখনও ভুলতে পারবো না।
ক্যান্সারে আক্রান্ত খোকা নিউইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় ৪ নভেম্বর দুপুরে মারা যান। ৭ নভেম্বর সকাল তার লাশ দেশে আনা হয়। ২০১৪ সাল থেকে চিকিৎসার জন্য তিনি নিউইয়র্কে ছিলেন।
তিন বারের নির্বাচিত সংসদ সদস্য, দুই বারের মন্ত্রী ও ২০০২ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের মেয়র ছিলেন সাদেক হোসেন খোকা।
এমবি





