পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশসহ মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

পবিত্র মাহে রমজান উপলক্ষে গণমাধ্যমে এক বাণী পাঠান। বিএনপি নেত্রী বলেন, ‘আত্মসংযম ও আত্মশুদ্ধির মহান বার্তা নিয়ে মাহে রমজান আবার আমাদের মাঝে উপস্থিত।

সিয়াম সাধনার মাধ্যমে মহান আল্লহর সন্তুষ্টি অর্জন এবং সকল রকম লোভ-লালসার ঊর্ধ্বে অন্যায় ও পাপ কাজ থেকে বিরত থাকা পবিত্র রমজানের প্রধান শিক্ষা। এ শিক্ষাকে বুকে ধারণ করে নিজেদের পরিশুদ্ধ মানুষ হিসেবে গড়ে তুলতে আমাদের ব্রতী হতে হবে।’

তিনি বলেন, ‘হিংসা, বিদ্বেষ, হানা-হানি পরিহার করে সমাজে শান্তি বজায় রাখতে সচেষ্ট থাকা প্রতিটি ধর্মপ্রাণ মুসলমানের অবশ্য কর্তব্য।

মাহে রমজান আমাদের জন্য বয়ে আনুক শান্তি সুখের বার্তা, সবার জীবন হয়ে উঠুক মঙ্গলময়-মহান আল্লাহ রাব্বুল আল-আমীনের দরবারে আমি এ প্রার্থনা জানাই।’

এসএম