বিএনপিকে ইঙ্গিত করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, দেশের ওপর শয়তান ভর করছে। ঈদের পর আন্দোলনের মাধ্যমে এ শয়তানকে তাড়াতে হবে।
শুক্রবার দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমীতে বাংলাদেশ দেশরত্ম পরিষদ আয়োজিত ‘বিএনপি-জামায়াতের রাজনৈতিক অপতৎপরতা: বাংলাদেশের উন্নয়ন ও অন্তরায়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপি '৭১ এর পরাজিত শক্তির প্রেতাত্মাদের নিয়ে আন্দোলন করতে চায়। তাদের এ আন্দোলন কোন দিনই সফল হবে না। বিএনপির নৈরাজ্যকর আন্দোলন রুখে দিতে আওয়ামী লীগ সব সময় সজাগ থাকবে।
মায়া বলেন, তারেক জিয়ার মতো মূর্খ যখন বই লেখে তখন রাজনীতি ছেড়ে দিতে ইচ্ছে করে। এরাই বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তি ও মিথ্যাচার করছে। এদেরকে নির্মুল করতে হবে।
সংগঠনের সভাপতি চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে সভায় আরও বক্তৃতা করেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবাহান চৌধুরী,আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবাহন গোলাপ প্রমুখ।
ঢাকা, এমআর, ২০ জুন (টাইমনিউজবিডি.কম)// এসএইচ





