নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন,অবাক লাগে এ দেশের কোনো কোনো মন্ত্রী ভারতের মন্ত্রীর মতো কথা বলছেন। কেউ কেউ বলছেন,ভারতের নির্বাচনের পর তিস্তা নিয়ে কথা বলবেন।
মঙ্গলবার বিকাল ৪টায় জাতীয় প্রেসক্লাবে ‘তিস্তাসহ ভারত-বাংলাদেশের আন্তঃসীমান্ত নদী সমূহের পানির ন্যায্য হিস্যা আদায়ের উপায়’’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন,কত যে ইলিশ মাছ গেল,ইলিশ মাছের জান গেল কিন্তু মমতা ব্যানার্জী পানি দিলেন না। যখন মমতা ব্যানার্জী ছিলেন না,তখন তিস্তা চুক্তি হলো না কেন?
আওয়ামী লীগকে উদ্দেশ্য করে তিনি বলেন,সমস্ত কিছুর মাঝে ওরা মুক্তিযোদ্ধের চেতনার নাম করে ব্যবসা করতে চায়। যদি সেই চেতনাই থাকে তাহলে তারা তিস্তার কথা বলে না কেন? ফারাক্কা নিয়ে কথা বলে না কেন?
তিনি বলেন, কিছুদিন পর তাজউদ্দীনের মেয়ে রিপিকেও তারা বলবে সে রাজাকার, তার বাবাও রাজাকার।
জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) আয়োজিত এই গোলটেবিল আলোচনায় আরও বক্তব্য রাখেন,কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব,লেখক গবেষক ও সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সায়ীদ,ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল,সাবেক এমপি এমএ গোফরান প্রমুখ।