আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রামের লোহাগাড়ায় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে ১১জন গুলিবিদ্ধ হয়েছে বলে খবর পাওয়া গেছে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার সকালে লোহাগাড়া থানা বাসস্ট্যান্ড এলাকায় ইউছুফ অ্যান্ড সন্স পেট্রোল পাম্পের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন জামাল উদ্দিন (৬৭), মান্নান (২০), এনামুল হক (২৮), নুরুল আলম (৩৭), নুরুল কবির (৩৭), মনজু বেগম (৫০), রবিন (১৮), মীনা কলি (১৮), মিনহাজুর রহমান (২২), বিমল দে (৪০) ও রাশেদা বেগম (৫৫)।
জানাযায়, বুধবার সকালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক নুরুল আবছার চৌধুরী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরুর সমর্থকরা সকালে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ সময় উভয় পক্ষের লোকজনই ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র ব্যবহার করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
লোহাগাড়া থানার উপ পরিদর্শক আবদুল জলিল ঘটনার সত্যতা শিকার করেছেন। তবে এ ঘটনায় এখনো পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের হয়নি বলেও জানান তিনি।
ঢাকা, ৯ জুলাই (টাইমনিউজবিডি.কম)// এসআর