আসন্ন তিন সিটি কর্পোরেশন নির্বাচন সরকার ও নির্বাচন কমিশনের (ইসি) জন্য অগ্নিপরীক্ষা বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ।
শুক্রবার বিকালে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি সমর্থিত মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের নির্বাচন পরিচালনায় গঠিত সমন্বয় কমিটির রুদ্ধদ্বার বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
মওদুদ আহমদ বলেন, এই নির্বাচন সরকার এবং ইসির জন্য অগ্নিপরীক্ষা। এ নির্বাচনের মধ্য দিয়ে প্রমাণ হবে দেশে গণতন্ত্র আছে কিনা, ইসি স্বাধীনভাবে কাজ করতে পারছে কিনা। আমরা বিশ্বাস করি, এই সিটি নির্বাচনে ইসি যদি নিরপেক্ষ ভূমিকা পালন করে তাহলে বিএনপি ও ২০ দলীয় জোট সমর্থিত সব প্রার্থীই বিপুল ভোটে বিজয়ী হবেন।
তিনি বলেন, আন্দোলনকে জোরদার করতে আন্দোলনের অংশ হিসেবে সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট অংশ নিয়েছে। নানা প্রতিকূলতা সত্ত্বেও আমরা নির্বাচনে আছি এবং শেষ পর্যন্ত থাকবো। আমাদের বিশ্বাস, এ সরকারের বিরুদ্ধে দেশের মানুষের যে ক্ষোভ, যে হতাশা, যে অভিযোগগুলো জমা হয়ে আছে সেসবের বিরুদ্ধে ভোট দিয়ে নীরব বিপ্লব ঘটাবেন তারা।
সমন্বয় কমিটির বৈঠকে অংশ নেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, এয়ার ভাইস মার্শার (অব.) আলতাফ হোসেন চৌধুরী, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা মাহমুদুল হাসান, শওকত মাহমুদ, ইনাম আহমেদ চৌধুরী, ক্রীড়া বিষয়ক সম্পাদক কর্নেল (অব.) এম এ লতিফ, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক আ ন হ আখতার হোসেন, শাহ মোহাম্মদ আবু জাফর, সাহাবউদ্দিন আহমেদ, সুলতানা আহমেদ প্রমুখ।
বৈঠকে জোট নেতাদের মধ্যে অংশ নেন- কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহীম, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান, এনডিপির চেয়ারম্যান খন্দকার গোলাম মর্তুজা, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গাণি, এলডিপির যুগ্ম-মহাসচিব সাহাদত হোসেন সেলিম প্রমুখ।
এমএইচ





