কেন্দ্র থেকে চিঠি দিয়ে আবদুল লতিফ সিদ্দিকীকে দলকে থেকে বহিষ্কারের চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানিয়েছে দিয়েছে আওয়ামী লীগ। লতিফের প্রাথমিক সদস্য পদ বাতিলের চুড়ান্ত সিদ্ধান্তের কথা জানিয়ে তার গ্রামের বাড়ির ঠিকানায় চিঠি পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম স্বাক্ষরিত এ চিঠি জিগাতলা পোস্ট অফিস থেকে রেজিস্ট্রি করে টাঙ্গাইলের কালিহাতি গ্রামের ঠিকানায় পাঠানো হয়। দলের দফতর ও একাধিক সুত্র এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে তাকে মন্ত্রী ও সভাপতিমণ্ডলীর পদ থেকেও অব্যাহতি দেয়া হয়। আর আগামী সপ্তাহে যেকোনো দিন লতিফ সিদ্দিকীর এমপি পদ বাতিলে ব্যবস্থা নিতে স্পিকারকেও চিঠি দেবে আওয়ামী লীগ।
গত ২৮ সেপ্টেম্বর নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে হজ, বিশ্বনবী হযরত মুহাম্মদ (স.), তাবলীগ জামাত ও ইসলাম ধর্ম নিয়ে বিরূপ মন্তব্য করেন লতিফ। সঙ্গে সঙ্গে বিদেশে অবস্থানরত প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তাকে মন্ত্রিসভা থেকে অপসারণ করার ঘোষণা দেন।
গত ১২ অক্টোবর কয়েক ঘণ্টার ব্যবধানে তাকে মন্ত্রিসভা থেকে অপসারণ এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম থেকে অব্যাহতি দেয়া হয়। ওইদিন লতিফ সিদ্দিকীর প্রাথমিক সদস্যপদ স্থগিতেরও সিদ্ধান্ত নেয় আওয়ামী লীগ। তাকে কেন চূড়ান্তভাবে বহিষ্কার করা হবে না-তা জানতে চেয়ে ১৪ অক্টোবর কারণ দর্শাও নোটিশ পাঠানো হয়। কলকাতায় অবস্থানরত লতিফ সেখান থেকেই নিজের জবাব পাঠিয়ে দেন।
তার এ চিঠির জবাব গ্রহণযোগ্য না হওয়ায় গত ২৪ অক্টোবর রাতে গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী বৈঠকে তাকে চুড়ান্ত বহিস্কার করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ সিদ্ধান্তই তাকে জানিয়ে গ্রামের বাড়িতে চিঠি পাঠানো হয়েছে।
এএইচ





