আওয়ামী লীগ সরকারের মতো ঠুনকো অজুহাত না দেখিয়ে নারায়ণগঞ্জে খালেদা জিয়াকে জনসভা করার অনুমতি দেয়ার জন্য মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভির প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল অব. আ স ম হান্নান শাহ।
নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাতে বিএনপির একটি প্রতিনিধি দলের নারায়ণগঞ্জের উদ্দেশে যাত্রা শুরুর প্রাক্কালে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে দলীয় কার্যালয়ের সামনে থেকে যাত্রা শুরু করে বিএনপির প্রতিনিধি দলটি।
এ সময় হান্নান শাহ বলেন,বিএনপির একটি প্রতিনিধি দল সম্প্রতি অপহরণ,গুম ও হত্যার সর্বশেষ কর্মকাণ্ডে নারায়ণগঞ্জে যারা ভিকটিম তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাতে যাচ্ছে। বিএনপি বেশির ভাগ মানুষের প্রতিনিধিত্বকারী দল। সে কারণে আমরা তাদের সমবেদনা জানাতে যাচ্ছি।
আ স ম হান্নান শাহর নেতৃত্বে ওই প্রতিনিধি দলে আছেন দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান,যুগ্ম মহাসচিব আমানুল্লাহ আমান,সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন,ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী,মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।
আইন-শৃঙ্খলা পরিস্থিতির কারণে নারায়ণগঞ্জে খালেদা জিয়াকে জনসভার অনুমতি না দেয়া প্রসঙ্গে তিনি বলেন,আমাদের জনসভা নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই। আমাদের সমাবেশ শান্তিপূর্ণ হয়। বিভিন্ন সময় জনসভা ও সমাবেশে সরকারই বাধা দেয়।
খালেদা জিয়ার জনসভা প্রসঙ্গে হান্নান শাহ বলেন,নারায়ণগঞ্জের এ ঘটনা জনগণকে সচেতন করে তুলেছে। জনসভার মাধমে খালেদা জিয়া জনগণকে সারাদেশে কি চিত্র তা অবহিত করবেন।
প্রসঙ্গত,১৪ মে নারায়ণগঞ্জে জনসভা করতে চেয়েছিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তবে আইন-শৃঙ্খলা পরিস্থিতির কারণ দেখিয়ে মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভি খালেদা জিয়াকে জনসভা করার অনুমতি দেননি।
[b]ঢাকা,৮ মে (টাইমনিউজবিডি.কম)// এনএস[/b]