জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন,দেশের পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে চলে যাচ্ছে। দেশের এই খারাপ পরিস্থিতি নিয়ন্ত্রনে সর্বদলীয় বৈঠকের প্রয়োজন।

শনিবার বিকালে এক বিবৃতিতে এরশাদ এ আহ্বান জানান।

তিনি আরও বলেন, কয়েকদিন আগে আমি সরকারের কাছে সর্বদলীয় বৈঠকের অনুরোধ জানিয়েছিলাম। অদ্ভুত পরিস্থিতিতে আবারও সেই আহ্বান পুনর্ব্যক্ত করছি।'

বিবৃতিতে এরশাদ বলেন, 'রাজধানী ঢাকার কূটনৈতিক অঞ্চল হিসেবে পরিচিত অভিজাত গুলশান এলাকার হলি আর্টিজান বেকারি অ্যান্ড রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলার আমরা গভীরভাবে মর্মাহত ও উদ্বিগ্ন। যারা সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন তাদের আত্মার মাগফেরাত ও যারা আহত হয়ে চিকিৎসাধীন আছেন তাদের আশু সুস্থতা কামনা করছি। শোক সন্তপ্ত পরিবারসমূহের জন্য আমাদের সমবেদনা জানাচ্ছি।’

তিনি বলেন, এদেশে উগ্র সন্ত্রাসবাদ বিস্তারের বিষয়টিকে আর ছোট করে দেখার অবকাশ নেই। এটি এখন ব্যাক্তি নিরাপত্তার মধ্যে সীমাবদ্ধ রাখা যাচ্ছে না। সন্ত্রাসবাদমুক্ত নিরাপদ দেশ হিসেবে বাংলাদেশের পরিচয় আজ আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ।

এরশাদ বলেন, বহির্বিশ্বের সঙ্গে বাণিজ্য, দেশী-বিদেশী বিনিয়োগ, পর্যটন ছাড়াওদ্বিপাক্ষিক যেকোন সম্পর্ক ও কর্মকাণ্ডে এ হামলার নেতিবাচক প্রভাব পড়বে। এ প্রেক্ষিতে দেশের অর্থনীতি ও সামাজিক নিরাপত্তা মারাত্মক ঝুঁকির সম্মুখীন। এতে সাধারণ মানুষের ভোগান্তি হবে অপরিসীম।

তিনি আরও বলেন, এ ধরণের উগ্র সন্ত্রাসবাদ একটি জটিল সমস্যা। সমাধানে দেশবাসীর ঐক্য জরুরি। ঐকান্তিকভাবে সম্মিলিত প্রয়াস ছাড়া লক্ষ্য অর্জন শুধু কষ্টসাধ্য নয়, প্রায় অসম্ভব বলা যায়।

এআই