বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জাতির সঙ্গে প্রতারণা করে এখন শহীদ বুদ্ধিজীবীদের সঙ্গেও প্রতারণা করছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।

সোমাবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ‘বাংলার মুখ’ এর ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত শোভাযাত্রা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

হানিফ বলেন, গতকাল (রোববার) বিএনপি নেত্রী খালেদা জিয়া শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিতে গিয়েছেন।এতে আমরা অবাক হলাম। কারণ যারা বুদ্ধিজীবীদের হত্যা করেছে, তাদেরকেই রক্ষার জন্য খালেদা জিয়া হরতাল ডেকে গাড়িতে আগুন দিয়ে মানুষ হত্যা করেছে। তাহলে কোন লজ্জায় তিনি সেখানে ফুল দিলেন। তাকে আমি প্রশ্ন করতে চাই জাতির সঙ্গে এটা কোন ধরণের প্রতারণা?

আওয়ামী লীগের নেতৃত্বেই বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের সমালোচনা করে হানিফ বলেন, ফখরুলের এই বক্তব্যে আরও একবার প্রমাণিত হলো তিনি মানবতাবিরোধীদের পক্ষ অবলম্বনকারী, ৭৫ ঘাতকদের একটি অংশ ও আল শামস, আল-বদর এবং পাকিস্তানের প্রেতাত্মা।

সংগঠনের সভাপতি সাইফুল আজম বাশারের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য সুজিত রায় নন্দি, বাংলার মুখের সাধারণ সম্পাদক সনজীব দাস অপু, স্বাধীন বাংলা বেতারের শিল্পি মণোরঞ্জন ঘোষাল প্রমুখ।

এমআর/ এআর