যুক্তরাষ্ট্রে সফররত অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, একজন সাবেক প্রধানমন্ত্রী হিসেবে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে আইনশৃংখলা বাহিনীর নিরাপত্তা দেওয়া প্রয়োজন ছিল।

স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় ম্যানহাটনের জাতিসংঘে বাংলাদেশ মিশনের স্থায়ী কার্যালয়ের বঙ্গবন্ধু মিলনায়তনে এক মতবিনিয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ‘বিএনপি নেত্রীর ওপর কারা হামলা করেছে সেটা আমি দেশে থাকলে হয়তো ভালো বলতে পারতাম। তবে আমি মনে করি- আন্দোলনের নামে পেট্রলবোমায় সাধারণ মানুষ পুড়ে ছাই হওয়া, গাড়িতে ও বাড়িতে অগ্নিসংযোগ এসব কারণেও তার ওপর হামলা কারো ক্ষোভের বহিঃপ্রকাশ হতে পারে। তবে একজন সাবেক প্রধানমন্ত্রী হিসেবে তাকে আইনশৃংখলা বাহিনীর প্রটেকশন দেওয়ার দরকার ছিল। এর বাইরে আমি কিছু বলতে পারব না।’

এর আগে, মিশনের আয়োজনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও কমিউনিটি নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন অর্থমন্ত্রী। সেখানে তিনি বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার চিত্র তুলে ধরার পাশাপাশি আগামী বাজেট নিয়ে সরকারের পরিকল্পনার কথাও তুলে ধরেন।

সভায় দেশের অর্থনীতি বর্তমানে বেশ ভালো রয়েছে বলেও দাবি করেন আবুল মাল আব্দুল মুহিত।

জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি ড. একে আবদুল মোমেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটের কন্সাল জেনারেল শামীম আহসান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডা. সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদসহ দলটির সহযোগী সংগঠনের বেশ কয়েকজন নেতা।

এমকে