কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির বিষয়ে করণীয় এবং বিভাগীয় শহরগুলোতে সমাবেশ করার চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বৈঠক ডেকেছে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি। 

শনিবার (২৪ আগস্ট) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিকেল ৫টায় গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হবে। বৈঠকে স্কাইপের মাধ্যমে লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যুক্ত থাকার কথা রয়েছে।

এছাড়া বৈঠকে রোহিঙ্গা ইস্যু, কাশ্মীর ইস্যু, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৬ জনকে আত্মসমর্পণের আদেশ ও ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট নিয়েও আলোচনা হবে।  

বৈঠকের পর মহাসচিব মির্জা ফখরুল সাংবাদিকদের এসব বিষয়ে ব্রিফিং করবেন বলেও জানা গেছে।

এসএম