বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সারাদেশ অস্থিরতার মধ্যে থাকলেও প্রধানমন্ত্রী খোশ মেজাজে আছেন। গণতন্ত্রের জন্য বিরোধীদলের নেতাকর্মীদের রক্ত ঝরিয়ে, সেই রক্তের ওপর দাঁড়িয়ে প্রধানমন্ত্রী পিঠা উৎসব করছেন।
শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৭৮তম জন্মবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবক দল আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন,আওয়ামী লীগ অতীতে যেভাবে ‘বাকশাল’ সৃষ্টি মাধ্যমে গণতন্ত্রের শূন্যতা সৃষ্টি করেছিলো,সেভাবে একদলীয় নির্বাচন করে গণতন্ত্রকে আবারো হত্যা করেছে।
সরকারের মন্ত্রীরা দম্ভ করছে মন্তব্য করে তিনি বলেন,এই সরকার অবৈধ আর অন্তসার:শূন্য। এ বিষয়টিকে আড়াল করার জন্যই তারা গলাবাজি করছেন। ভোটের মাধ্যমে নয়, গায়ের জোরে ক্ষমতায় এসেছে সরকার। গ্রহণযোগ্যতা নেই বলেই মানসিক ভয়ে তারা এসব এলোমেলো কথা বলছে।
তিনি বলেন,‘দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে হবে না’ খালেদা জিয়ার এমন মন্তব্য ৫ জানুয়ারির নির্বাচনে প্রমানিত হয়েছে। ৫ ভাগ মানুষও ভোট কেন্দ্রে যায় নি।
বিএনপির এ নেতা বলেন, দেশ-বিদেশে সবাই বলছে,এ নির্বাচন জনপ্রতিনিধিত্ব সরকার হয় নি। এজন্য জনপ্রতিনিধিত্ব সরকার প্রতিষ্ঠার জন্য আরেকটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের পরামর্শ দিচ্ছেন তারা।
খন্দকার মোশাররফ বলেন, জনগণের ভোট ছাড়াই নির্বাচন করে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে শেখ হাসিনা নিজেকে বেহায়া প্রধানমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
সরকারকে অস্বাভাবিক সরকার মন্তব্য করে বিএনপির এ নেতা বলেন, এটা বিরোধী দলহীন সংসদ। বিরোধী দল থেকে মন্ত্রী বানানো হয়েছে, প্রধানমন্ত্রীর বিশেষ দূত করা হয়েছে। এটি অদ্ভূত সরকারের অদ্ভূত পার্লামেন্ট।
তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, সরকারের কাছে নতুন নির্বাচনের দাবী করে লাভ নেই। এদেরকে ক্ষমতা থেকে টেনে হিঁচড়ে নামাতে হবে। গণতন্ত্রের রক্ষার জন্য আমাদের নতুন করে শপথ নিয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভিসি আ ফ ম ইউসুফ হায়দার,  ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দীন আলম প্রমুখ।
ঢাকা, ২৫ জানুয়ারি (টাইম নিউজ বিডি.কম)এমএইচটি// এফএ