ব্লগার হত্যা আর জঙ্গিবাদ একই। বিএনপি নেত্রী জঙ্গি সংগঠনগুলোকে নিয়ে জোট গঠন করেছে। এদের সঙ্গে জোট গঠন করে তিনি এদেশে ব্লগার হত্যাকান্ড ও জঙ্গিবাদের পটভূমি রচনা করেছেন বলে মন্তব্য করেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড.হাছান মাহমুদ।
রোববার জাতীয় প্রেস ক্লাবের হলরুমে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর ৮৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ হতাশা ব্যক্ত করেন।
পাকিস্তান ও আফগানিস্তানে প্রশিক্ষণপ্রাপ্ত আন্তর্জাতিক জঙ্গি সম্প্রদায়ের সঙ্গে ২০ দলীয় জোটের সম্পর্ক রয়েছে মন্তব্য করে আওয়ামী লীগের এই নেতা বলেন, বেগম খালেদা জিয়া আপনি জঙ্গিগোষ্ঠিকে আশ্রয়-প্রশ্রয় দেয়া বন্ধ করুন।
তিনি বলেন, ব্লগার হত্যার ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকায় হতাশা জনক।‘বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী অত্যন্ত চৌকস। কিন্তু সম্প্রতি ব্লগার হত্যাকান্ডের ব্যাপারে তাদের ভূমিকা চোখে পড়ার মত নয়।
বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যাকান্ডে পেছনে যারা কলকাঠি নেড়েছে তাদের মধ্যে জিয়াউর রহমানও অন্যতম জানিয়ে হাছান মাহমুদ বলেন, ‘যারা স্বপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার সঙ্গে জড়িত, শুধু তাদের বিচার করলেই চলবে না। আজ প্রতিজ্ঞা করতে হবে, যারা এ হতাকান্ডের পিছনে থেকে কলকাঠি নেড়েছেন, তাদেরও বিচার করতে হবে।
এ সময় তিনি বলেন, কোনঠাসা জামায়াত ইসলাম বিভিন্ন নামে বিভিন্ন সংগঠনে সক্রিয় রয়েছে। তাই তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে।’
বাংলাদেশ স্বাধীনতা পরিষদের উপদেষ্ঠা হাসিবুর রহমান মানিকের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক বলরাম পোদ্দার, এম এ করিম, শাজাহান আলম সাজু, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।
এমএ/এসএইচ





