দুর্গাপূজা উৎসবে পটকা ফোটানো ও আতশবাজি পোড়ানোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বুধবার ডিএমপির সদর দপ্তরে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভায় ডিএমপির কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, দুর্গাপূজায় কোনো ধরনের পটকা ফোটানো বা আতশবাজি পোড়ানো যাবে না। এতে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে।
কমিশনার আরো বলেন, ‘এ সময় আনন্দ করতে অনেকেই পটকা বা আতশবাজি ফোটায়। এতে আইনশৃঙ্খলায় বিঘ্ন ঘটতে পারে। ২২৯টি পূজামণ্ডপের প্রত্যেকটিতে কমিটি গঠন করা হবে। কমিটিতে ওয়ার্ড কমিশনার ও গণ্যমান্য লোকরা থাকবেন। প্রত্যেক পূজামণ্ডপ এবং আশপাশের এলাকায় পর্যাপ্ত আলো এবং ক্লোজ সার্কিট ক্যামেরার ব্যবস্থা করা হবে।’
পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ‘পূজামণ্ডপের জন্য নির্ধারিত বির্সজন পয়েন্টে, নিজ নিজ পূজামণ্ডপে স্বেচ্ছাসেবক নিয়োগ করতে হবে এবং প্রত্যেক মণ্ডপে ঢোকা ও বের হওয়ার জন্য আলাদা গেট তৈরি করতে হবে।
নিরাপত্তার প্রয়োজনে মণ্ডপের প্রবেশ পথে আর্চওয়ে, হ্যান্ড মেটাল ডিটেক্টর দিয়ে কর্তব্যরত পুলিশ চেকিং করবে। প্রয়োজনে দেহ তল্লাশি করা হবে। পূজামণ্ডপ এবং আশপাশের এলাকায় গোয়েন্দা নজরদারিও অব্যাহত থাকবে।’
প্রতিমা বির্সজনের জন্য নির্ধারিত রাস্তার জন্য সুপরিকল্পিতভাবে ট্রাফিক ব্যবস্থাপনা সাজানোর জন্য যুগ্ম কমিশনারসহ (ট্রাফিক) ও যুগ্ম কমিশনার (অপারেশন) কে বিশেষ নির্দেশ দেন ডিএমপি প্রধান।
এমএনজে





