গুম, খুন ও অপহরণের ঘটনা সংঘটিত করে পরিকল্পিতভাবে দেশকে ব্যর্থ এবং অকার্যকর সন্ত্রাসী রাষ্ট্র বানানোর ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশবাসীকে সোচ্চার হওয়ার আহবান জানিয়েছে জামায়াত।
শুক্রবার এক বিবৃতিতে দলের সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এ আহবান জানান।
তিনি বলেন, সরকার দলীয় ক্যাডার ও আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে রাজনৈতিক হত্যাকাণ্ড চালাচ্ছে নির্বিচারে।  এসব অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের কোন বিচার হচ্ছে না। বরং  তাদের নানাভাবে পুরস্কৃত করা হচ্ছে।
তিনি আরও বলেন, প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে ঘাতক বাহিনী হিসেবে ব্যবহার করছে সরকার। বিরোধী দলের রাজনীতি করাটাই যেন বাংলাদেশে সবচাইতে বড় অপরাধ। রাজনৈতিক সভা-সমাবেশ করতে দেয়া হচ্ছে না। সরকারের ইতিবাচক সমালোচনা বরদাস্ত করা হচ্ছে না। সংবাদপত্র ও মিডিয়ার স্বাধীনতা হরণ করা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীকে পেশাদারিত্বের সাথে তাদের দায়িত্ব পালন করতে না দেয়ার কারণে বর্তমান বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সরকারের উদ্দেশে জামায়াত সেক্রেটারি বলেন, তাদেরকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে  ব্যবহার করে দেশের  সর্বনাশ করবেন না। এখনই এসব বন্ধ করুন।
[b]ঢাকা, ৯ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]