তিস্তার পানি নিয়ে বিএনপি লংমার্চের নামে নাটক করছে বলে মন্তব্য করছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।
বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ‘স্বাধীনতা শিক্ষক পরিষদ’ (স্বাশিপ) আয়োজিত “ঐতিহাসিক মুজিব নগর দিবস ও প্রাসঙ্গিক ভাবনা” শীর্ষক আলোচান সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হানিফ বলেন, লংমার্চ করে কোন দাবি আদায় হয়েছে এমন কোন নজির নেই। বিএনপি নেতারা জানে তিস্তার পানি সমস্যা রাষ্ট্রীয়। ২ দেশের আলাপ আলোচনার মাধ্যমেই এটা সমাধান করতে হবে। এটা লংমার্চ করার মত কোন বিষয় নয়।
বিএনপি নেত্রী খালেদা জিয়াকে প্রশ্ন রেখে হানিফ বলেন, ‘আপনি ২বার প্রধানমন্ত্রী ছিলেন। প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তিস্তার পানির সমস্যা সমাধানে আপনি রাষ্ট্রীয় ভাবে ভারত সফর করেছেন। যখন ফিরে এলেন বিমান বন্দরে সাংবাদিক বন্ধুরা আপনার প্রতি প্রশ্ন রেখে ছিলেন তিস্তা পানির সমস্যা সমাধান হয়েছে কিনা? তখন আপনি কি বলেছিলেন। মনে নেই আপনি (খালেদা জিয়া) বলেছিলেন এ বিষয়ে আপনার আলোচনা করতে মনে নেই।
তিনি আরও বলেন, ‘তখন আপনি কিছু করতে পারেননি। আর এখন পানির জন্য আপনার দরদ উতলে উঠছে। রাজনীতি করার নামে জনগনের সঙ্গে ভাওতাবাঁজি পরিহার করুন।‌’
তিনি বলেন, ১০ম জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে সরকার গঠন হয়েছে। ভারতেও নির্বাচন চলছে। নতুন সরকার গঠন হলে দ্বি-পাক্ষিক আলোচনার মাধ্যমে আমরা তিস্তার পানি সমস্যা সমাধান করবো।
আওয়ামী লীগের এ নেতা বলেন, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান পাকিস্তানের প্ররোচনায় দেশের ইতিহাস বিকৃত করছে। তিনি ঐক্যবদ্ধ এ জাতির মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করতে চায়। তার এ বক্তব্য গন্ড-মুর্খতা ছাড়া কিছুই নয়।
তিনি অভিযোগ করে বলেন, যুদ্ধাপরাধীর বিচার শুরু হয়েছে। স্বাধীনতার ৪৩ বছর পরও পাকিস্তান বিএনপিকে দিয়ে বিচার কার্য বাধাগ্রস্থ করছে। তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
সংগঠনের আহ্বায়ক প্রফেসর ড. আব্দুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক এম এ করিম, অ্যাডভোকেট বলরাম পোদ্দার, বঙ্গবন্ধু সাংস্কৃতি জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা প্রমুখ।
[b]ঢাকা, এমআর, ২৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]