সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, শেখ হাসিনা যতদিন বেঁচে থাকবেন, তত দিনেই ক্ষমতায় থাকবেন। বিএনপি জামাত জোট দেউলিয়া হয়ে গেছেন, জনগণ থেকে তারা আজ বিচ্ছিন্ন। জনগন তাদের প্রত্যাখান করেছেন।  

বুধবার (৩১ জুলাই) লালমনিরহাটের আদিতমারী উপজেলা পরিষদ সভাকক্ষে সরকারী কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন।

সভায় সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমালোচনা করে বলেন, কয়েক কেজি চাল দিয়ে জনগণের পাশে থাকা যায় না, আপনারা আজ জনগণ থেকে বিচ্ছিন্ন। ২০২৪ সালের আগে দেশে কোন নির্বাচন হবে না।

মন্ত্রী বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ বিশ্বে রোল মডেল হিসেবে পরিচিত। ১৯৯১ সালে জামাত-বিএনপির সময় দেশ পিছিয়ে ছিল, বাংলাদেশকে অকার্যকার রাষ্ট্রে পরিণত করেছিল। বিএনপি-জামাত জোটের শাসন আমল দেশের মানুষ এখনও ভুলেনি।

উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামানের সঞ্চালনে এসময় বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক ইমরুল কায়েস, ভাইস চেয়ারম্যান চিত্ত রঞ্জন রায়, জেসমিন আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুল ইসলাম প্রমুখ।

নুরনবী/এমবি