বর্তমানে দেশের কৃষকদের মাঝে যে হতাশার পরিস্থিতি তৈরী হয়েছে তাকে রোধ করতে হলে শ্রমিক কৃষক ঐক্যবদ্ধ আন্দোলন করে অধিকার আদায় করতে হবে বলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।
আজ শনিবার (১৮ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী পাটকল শ্রমিক দল আয়োজিত ন্যায় সংগত ৯ দফা দাবি মেনে নেয়ার দাবিতে মানববন্ধনে তিনি এসকল কথা বলেন।
আব্দুল্লাহ আল মোমান বলেন, যেখানে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা বলা হয়, সেখানে আমদানির প্রশ্নই আসেনা। কিন্তু আজকে এই সরকার চাল আমদানি করছে। এটা সরকারের কারসাজি। দেশের কৃষকদের মূল্য দিতে হবে, তাদের উৎপাদন এর মূল্য দিতে হবে। শ্রমিকদের মজুরি দিতে হবে। আজকে আমাদের মৌলিক শিল্পগুলোকে রক্ষা করতে হবে।
তিনি বলেন, আজকের দেশের যে পরিস্থিতি এই পরিস্থিতিতে মনে রাখতে হবে, কৃষক যদি না বাঁচে তাহলে দেশ বাচবে না। কৃষককে রক্ষা করতে হবে। কৃষককে রক্ষা করতে হলে চাষাবাদকে বিস্তৃতি ঘটাতে হবে।
চাষাবাদকে যদি বিস্তৃত করতে হয় তাহলে কৃষককে উৎপাদনের খবর দিতে হবে। আজকে উৎপাদনে কৃষকের যেই খরচ হচ্ছে সে খরচের টাকাও তারা পাচ্ছে না।
'খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, দেশের চাহিদা মিটিয়ে বাংলাদেশে উৎপাদিত চাল বিদেশে রপ্তানি করার পরিকল্পনা করছে সরকার।'
খাদ্যমন্ত্রীর এমন বক্তব্যে নোমান বলেন, যেখানে সরকার আমদানি করছে সেখানে উদ্বৃত্ত হয় কি করে। আসলে দেশ থেকে বিদেশে টাকা পাচার হচ্ছে। ব্যাংক লুটপাট হচ্ছে। এদিকে আমাদের নজর রাখতে হবে কোনকোন ক্ষেত্রে টাকা পাচার হচ্ছে।
এসময় তিনি পাটকল শ্রমিকদের আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে বলেন, পাট আমাদের মৌলিক সম্পদ এটাকে বাঁচাতে হবে। পাটের কলের শ্রমিক কর্মচারীদের বাঁচাতে হবে। পাটের উৎপাদন আরও বাড়াতে হবে।
মিল কারখানা আরও চালু করতে হবে। আর রাষ্ট্রায়ত্ত মিল কারখানাগুলো বেসরকারি পর্যায়ে দেয়ার যে ষড়যন্ত্র তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
এসএম/এএস





