সাবেক রাষ্ট্রপ্রতি প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর জানাজা নামাজ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সম্পন্ন হয়েছে। 

মঙ্গলবার বিকেল ৫টা ১০ মিনিটে জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজার নামাজে ইমাম ছিলেন বায়তুল মোকাররমের খতিব মাওলানা সালাহউদ্দীন আহমেদ।

আরাফাত রহমান কোকোর জানাজায় অংশ নিতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণে হাজার হাজার মানুষ সমবেত হন। বায়তুল মোকাররমের উত্তর ও দক্ষিণ গেটে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে। দক্ষিণ গেটে মানুষের ঢল বঙ্গবন্ধু এভিনিউ পর্যন্ত পৌঁছে যায়। উত্তর গেটে দৈনিক বাংলা মোড় হতে বিজয় নগর পর্যন্ত ছিল জনতার ঢল।

দলীয় নেতাকর্মী ছাড়াও শিক্ষক, সাংবাদিক, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ কোকোর জানাজায় উপস্থিত ছিলেন।

বায়তুল মোকাররম এলাকায় পুলিশের নির্দেশে সব ধরনের দোকানপাট বন্ধ করে দেওয়া হয় বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।

উল্লেখ্য, এর আগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে দেশের বিভিন্ন জেলায় বিএনপিরও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।

এমএইচ/এসএইচ/জেআই