বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়ের সম্প্রতি দেয়া বক্তব্য প্রত্যাহার করে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। তা না হলে জনগণ এর সমুচিত জবাব দেবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে আওয়ামী লীগের এ নেতা লিখেছেন, 'ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের জনপ্রিয় সাধারণ সম্পাদক সফল রাজনীতিক ওবায়দুল কাদেরকে কথা কম বলার আহ্বান জানিয়ে সংবিধান প্রদত্ত মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ করেছেন বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে তিনি যে কটূক্তি করেছেন তা শিষ্টাচার বর্হিভূত। আমি তার নিন্দা জানাই।'

তিনি আরও লেখেন, ''প্রতিবন্ধীর সঙ্গে তুলনা করে গয়েশ্বর শুধু বালখিল্য আচরণই করেননি; সমাজের পিছিয়ে থাকা একটি জনগোষ্ঠীকে হেয় করে গর্হিত অপবাদ করেছেন। একই সঙ্গে 'আজিমপুর গোরস্তানের কবরের চেয়ে ঢাকায় গর্ত বেশি' -এমন বক্তব্য দিয়ে মুসলমানের পবিত্র জায়গা কবরকে কটাক্ষ করেছে। আমরা গয়েশ্বরকে তার বক্তব্য প্রত্যাহার করে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানাই। নইলে জনগণ এর সমুচিত জবাব দেবে।''

এমএনজে