বিরোধী দলীয় নেত্রী ও জাতীয় পার্টির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদ বলেছেন, দেশে যেভাবে গুম, খুন ও অপহরণ হচ্ছে তাতে কারোরই স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা নেই। এ অবস্থা থেকে বের হতে না পরলে দেশকে বাঁচানো যাবে না।
সোমবার বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ-এর ৫৫ তম কনভেনশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
রওশন এরশাদ বলেন, আজ সব জিনিসেই ভেজাল। খাদ্যে ভেজাল, শাক-সবজিতে ভেজাল এমনকি পানিতে দুর্গন্ধ। সব মিলে বাংলাদেশে এখন ভেজালের রাজত্ব চলছে।
দেশের সকল মানুষকে পরস্পরের সহযোগি ও সহমর্মী হবার আহবান জানিয়ে তিনি বলেন, আমাদের প্রতিহিংসার রাজনীতিকে বিসর্জন দিয়ে ক্ষুধা-দারিদ্র্যমুক্ত দেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ-এর প্রেসিডেন্ট প্রকৌশলী অধ্যাপক ড. এম. শামীম-উজ-জামান বসুনিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সহকারী সাধারণ সম্পাদক প্রকৌশলী শাহাদাত হোসেন শিবলু বক্তৃতা করেন।
[b]ঢাকা, ৫ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]