যুবলীগ সভাপতি ওমর ফারুক চৌধুরীর বাসায় হাতবোমা ফাঁটিয়ে বাসার সামনের কয়েকটি গাড়ি ভাংচুর করেছে দূর্বৃত্তরা। রোববার সন্ধ্যায়ে এ ঘটনা ঘটে।ধানমণ্ডির ৮/এ রোডের ৭৪ নম্বর বাসায় এ হামলার সময় ওমর ফারুক চৌধুরী না থাকলেও তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। তবে ধানমন্ডি থানা পুলিশ বলছে হামলার খবর ভূয়া।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে যুবলীগ সভাপতি ওমর ফারুক টাইমনিউজবিডিকে জানান, “রোববার সন্ধ্যার পর জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা ধানমণ্ডি এলাকায় মিছিল বের করে। পরে তারা আরেকটি মটরসাইকেল শোডাউন দেয়। সেখান থেকে মিছিল নিয়ে আমার বাসায় ৫/৭টি হাতবোমা নিক্ষেপ করে।”
এ সময় বাসার পাস থেকে কয়েকটি প্রাডো গাড়ি বের হলে তারা সেগুলোও ভাংচুর করে বলে দাবি করেন তিনি।
মূলতঃ ভয়ভীতি দেখাতে তারা এ কাজ করেছে জানিয়ে তিনি বলেন, “জামায়াতের-শিবিরের কর্মীরা প্রায় ২৫ মিনিট ধরে এ ঘটনাগুলো ঘটালেও সেখানে কোন পুলিশ সদস্য ছিল না।
যুবলীগের কেন্দ্রীয় কমিটির উপ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ইকবাল মাহমুদ বাবলু টাইমনিউজবিডিকে জানান, “কেন্দ্রীয় ভাবে এ ঘটনায় কোন কর্মসূচি ঘোষণা না হলেও দেশব্যাপী এ হামলার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করছে যুবলীগের নেতা কর্মীরা।”
তবে এ ব্যাপারে ধানমন্ডি থানার ওসি আবু বকর সিদ্দিকের সাথে যোগাযোগ করা হলে তিনি টাইমনিউজবিডিকে বলেন, “যুবলীগের সভাপতির বাসায় হামলার খবর ‘ভুয়া’। আপনি কই এই খবর পেয়েছেন? এই প্রথম আপনার কাছ থেকে এমন খবর শুনলাম।"
তিনি বলেন, রোববার সন্ধ্যার পর ধানমণ্ডিতে শিবির একটি মিডওয়ে বাস ভাংচুর করেছে। সেখান থেকে তিনজন শিবির কর্মীকে আটক করেছে পুলিশ। তাৎক্ষণিকভাবে তাদের নাম জানাতে পারেননি ওসি আবু বকর সিদ্দিক।
জেইউ/জেডআই





